২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ ও পটুয়াখালীতে ভিজিএফের চালসহ চারজন আটক

পটুয়াখালী ও গোপালগঞ্জে ভিজিএফ এর চালসহ তিন ব্যবসায়ী ও এক রিকশা চালককে আটক করা হয়েছে। রোববার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে মানি মুন্সী, আবু জোহা মৃধা ও আকবর হোসেন নামে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক টন ৩০০ কেজি চাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী ও গোপালগঞ্জে ভিজিএফ এর চালসহ তিন ব্যবসায়ী ও এক রিকশা চালককে আটক করা হয়েছে। রোববার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে মানি মুন্সী, আবু জোহা মৃধা ও আকবর হোসেন নামে তিন ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক টন ৩০০ কেজি চাল। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে চার বস্তা চালসহ রিকশা চালক শাহ আলমকে (৩০) আটক করা হয়। পৃথক এ দুটি ঘটনায় মামলা হয়েছে। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, আটক তিন ব্যবসায়ী নিজেদের বাড়িতে ভিজিএফ এর চাল মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমীনের নেতৃত্বে একটি দল বাশবাড়ীয়া গ্রামে ওই তিন বাড়িতে অভিযান চালায়। এ সময় তিন ব্যসায়ীকে আটক ও চাল উদ্ধার করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মুকসুদপুর থানায় তিনি একটি মামলা করেছেন। পটুয়াখালী প্রতিনিধি জানান, রোববার রাত ১১ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে চাল আটকের এ ঘটনা ঘটে। আটক রিক্সা চালক শাহ আলম পটুয়াখালী সদর থানায় বসে সাংবাদিকদের জানান, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের দুই নৈশ প্রহরী আবদুল জলিল (৩১) ও দেলোয়ার হোসেন (৫০) পরিষদের গুদাম থেকে ভিজিএফ এর চার বস্তা চাল তার রিক্সায় তুলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ আউলিয়াপুর গ্রামে পৌঁছালে গ্রামবাসী তাদের ধাওয়া করে। এসময় দুই নৈশ প্রহরী পালিয়ে যায়। লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করে। আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির তিন জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন। আটক শাহ আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.