ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ জানিয়েছেন, চিকিৎসকরা আলাদাভাবে বিভিন্ন রকম ওষুধ দেওয়ায় আপত্তি জানিয়েছেন হাসিনা। তিনি সমন্বিতভাবে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ করেছেন। তার অবস্থা এখন কিছুটা ভালো।
সোমবার সকালে বিশেষ কারাগারে গিয়ে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষার পর ডা. আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা জানান।
এবিএম আবদুল্লাহ বলেন, "তিনি (শেখ হাসিনা) বেশ ক্ষোভের সঙ্গে বলেছেন, আপনারা একেকজন একেক রকম ওষুধ দিয়ে যাচ্ছেন। তিন মাস ধরে ওষুধ খেতে খেতে আমার পেট ডিস্পেনসারি হয়ে গেছে।"
তিনি জানান, শেখ হাসিনার অ্যালার্জি কিছুটা কমেছে, শারীরিক অবস্থাও তুলনামূলকভাবে ভালো। তবে চোখ আর কানের অবস্থা আগের মতোই রয়েছে। তবে তাকে ক'টি পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল তার একটিও এখনো করানো হয়নি।
শেখ হাসিনার সাত ব্যক্তিগত চিকিৎসক একসঙ্গে বসে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে যে যে কথা হয়েছিল সে বিষয়ে প্রশ্ন করা হলে ডা. আবদুল্লাহ বলেন, "এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। কারা কর্তৃপক্ষও এখনও কিছু জানায়নি।"
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যে চিকিৎসকের কাছে শেখ হাসিনা আগে কানের চিকিৎসা নিয়েছিলেন, তার কাছেই আবার যাওয়া প্রয়োজন। সেজন্য তাকে যুক্তরাষ্ট্রে যেতেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জেকে/এমএ/১৭০০ঘ.
bdnews24