২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুটি পোশাক কারখানায় ডাকাতি, হামলায় চার প্রহরী আহত

সাভারের কবীরপুর এলাকার জিসি ফ্যাশনস লিমিটেড ও রিটজি স্টাইল লিমিটেডের নামের দুটি পোশাক তৈরির কারখানায় রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা মেশিন, কম্পিউটারসহ বেশ কিছু মাল লুটে নেয়। তাদের হামলায় চার নিরাপত্তা প্রহরী জখম হন। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

সাভার, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের কবীরপুর এলাকার জিসি ফ্যাশনস লিমিটেড ও রিটজি স্টাইল লিমিটেডের নামের দুটি পোশাক তৈরির কারখানায় রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা মেশিন, কম্পিউটারসহ বেশ কিছু মাল লুটে নেয়। তাদের হামলায় চার নিরাপত্তা প্রহরী জখম হন। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক শহিদুল হক ডাকাতি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার অভিযোগে বলা হয়, ২০/৩০ জনের একদল ডাকাত রাত তিনটার দিকে জিসি ফ্যাশনস্ লিমিটেড নামের একটি কারখানার দেয়াল টপকে ভিতরে ঢোকে। নিরাপত্তা প্রহরীরা তাদের দেখে চিৎকার দিলে ডাকাতরা আবুল হোসেন (৪৫), হাফিজুর রহমান (২৮) ও তুহিনকে (২৪) কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ডাকাতদলটি পাশ্ববর্তী রিটজি স্টাইল লিমিটেডের কারখানায় হানা দেয়। সেখানে কতব্যরত প্রহরী রহমত আলীকে রড দিয়ে পিটিয়ে আহত করে। তারা কারখানার তিনটি মেশিন, একটি কম্পিউটার নিয়ে পালিয়ে যায়। রিটজি স্টাইলের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর নাসিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি হওয়া মালের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নং-২৬) দায়ের করা হয়েছে। জিসি ফ্যাশনস এর প্রশাসনিক কর্মকর্তা আবিদুর রেজা খান কিশোর বলেন, এ কারখানা থেকে কিছু খোয়া যায়নি। তবে কয়েকজন গার্ড আহত হয়েছেন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.