২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে চাহিদা মত ইউরিয়া সার না পেয়ে বিপাকে কৃষক

বোরো চাষের ভরা মৌসুমে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া সার না পেয়ে যশোর অঞ্চলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। চাহিদার তুলনায় বরাদ্দ কম দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে প্রশাসনের একজন কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 10:28 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

যশোর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো চাষের ভরা মৌসুমে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া সার না পেয়ে যশোর অঞ্চলের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। চাহিদার তুলনায় বরাদ্দ কম দেওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে প্রশাসনের একজন কর্মকর্তা জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউরিয়া সারের সংকট এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ মাসের বরাদ্দ ছাড়াও অতিরিক্ত দুই হাজার টন সার চাওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সার দেওয়া হয়নি। তার উপর মার্চ মাসের বরাদ্দ থেকে এক হাজার টন সার কেটে নেওয়া হয়েছে। তিনি জানান, মার্চ মাসে যশোরের ৮ উপজেলায় ইউরিয়া সারের র্নিধারিত বরাদ্দ ছিল পাঁচ হাজার ২১৩ টন। সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে চার হাজার ২১৩ টন। অর্থাৎ চাহিদার তুলনায় বরাদ্দ কম রয়েছে প্রায় তিন হাজার টন। কৃষকরা জানান, ১০ দিন পার হয়ে গেলেও চট্টগ্রামের কারখানা থেকে এখনও পর্যন্ত সার এসে পৌঁছায়নি। মনিরামপুর উপজেলার লক্ষণপুর গ্রামের বোরো চাষী লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষেতে সার প্রয়োগের উপযুক্ত সময় এখনই। এই সময় সার প্রয়োগ করা সম্ভব না হলে ফলন কমে যাবে। তিনি বলেন, "ডিলাররা অহেতুক কালক্ষেপন করে কৃষকদের বিপাকে ফেলছেন।" সংকটের সময় বাংলাদেশ ফার্টিলাইজারের (বাফা) গুদাম থেকে সার সরবরাহ করার সুযোগ থাকলেও যশোরে বাফার গুদামে পর্যাপ্ত মজুদ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা। তিনি বলেন, গত মাসে সার সংকট মোকাবেলা করতে গিয়ে বাফার গুদাম খালি হয়ে গেছে। যশোর সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন জানান, ডিলাররা ট্রাক নিয়ে চট্টগ্রামে অপেক্ষা করছেন। সেখান থেকে ছাড় না পাওয়ায় সার আনা সম্ভব হচ্ছে না। সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা রোববার কেশবপুর তাজিয়া সড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে। উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কৃষক সোহরাব হোসেন জানান, তার তিন বিঘা জমির জন্য ৫০ কেজি ইউরিয়া সারের দরকার। ১০/১১ দিন ধরে তিনি ডিলারের কাছে ধর্না দিয়েও সার পাননি। তার মত অবস্থা এই এলাকার কৃষকদের। এ কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাহফুজুল হক ঘটনাস্থলে গিয়ে সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২২ ঘ.