২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও ফেনীতে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে

কুমিল্লার বুড়িচং উপজেলার ডারেল্লা বাজারে শনিবার রাতে আগুনে একটি ডাকঘর ও গুদামসহ চারটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলার ডারেল্লা বাজারে শনিবার রাতে আগুনে একটি ডাকঘর ও গুদামসহ চারটি দোকান পুড়ে গেছে। ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দারোগাহাট বাজারে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, শনিবার রাত ৯টার দিকে ডারেল্লা বাজারে একটি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারে অবস্থিত ডাকঘর, একটি আলুর গুদাম এবং বিভিন্ন ধরনের ৪টি দোকান পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, কুমিল্লা থেকে দমকল বাহিনী এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পঞ্চাশ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলেও জানান তিনি। কুমিল্লা দমকল বাহিনীর স্টেশন অফিসার আলী আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদহানি হয়েছে।" ফেনী প্রতিনিধি জানান, সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দারোগাহাট বাজারে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, দারোগাহাট বাজারের একটি দোকানে গভীর রাতে আগুন ধরে আশপাশের ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। এর মধ্যে সার, মুদি, কনফেকশনারি দোকান ছিল। ফেনী দমকল বাহিনীর স্টাফ অফিসার মো. মফিজ মিয়া বলেন, "দমকল বাহিনী যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মামলামাল পুড়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৭ ঘ.