২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকেলঘাটা থানার ওসির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

স্ত্রী হত্যার অভিযোগে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানে বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার পাটকেলঘাটা থানায় মামলাটি রেকর্ড করা হয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

সাতক্ষীরা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার অভিযোগে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানে বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার পাটকেলঘাটা থানায় মামলাটি রেকর্ড করা হয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন। পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, ওসি মিজানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে সাময়িক বরখাস্ত করা হবে বলে তিনি জানান। ৪ মার্চ রাতে ওসি তার স্ত্রী সাদিয়াকে (৩৪) চিকিৎসার জন্য পাটকেলঘাটার ডা. মধুসুদন মণ্ডলের ক্লিনিকে নিয়ে যান। ডাক্তারকে বলা হয় তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর সাদিয়াকে খুলনায় সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ৬ মার্চ সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে ওসি মিজানুর রহমানের খোঁজ মিলছে না। মতিঝিল থানার ওসি বজলুর রহমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদিয়া আক্তারের মা তৈয়েবুননেছা শারীরিক অসুস্থতার কারণে সাতক্ষীরাতে যেতে না পারায় মতিঝিল থানায় একটি লিখিত অভিযোগ (নম্বর-৬৯৩) করেছেন। অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, আসামি কাজী মিজানূর রহমান তার স্ত্রী সাদিয়াকে পাটকেলঘাটা সরকারি বাসায় ৪ মার্চ মারধর করেন। পরে তাকে খুলনায় চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাদিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তৈয়েবুন্নেছা অভিযোগ করেছেন। মতিঝিল থানার ওসি জানান, তৈয়েবুননেছার করা জিডির কপিটি রোববার বিকাল ৫টায় পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে। পাটকেলঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রওশন আলী মতিঝিল থানায় সাদিয়ার মার এজাহার দাখিলের বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগের কপি রাতেই তারা হাতে পাবেন। সোমবার সকালে মামলা রেকর্ড করা হবে। তিনি আরও জানান, ওসি মিজানুর রহমানের বাসার কাজের মেয়ে খোদেজাকে আনার জন্য পাটকেলঘাটা থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে ঢাকায়। সাদিয়ার লাশ উত্তোলনের জন্য পাটকেলঘাটা থানা পুলিশ জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৬ ঘ.