ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য নাসিরউল্লাহ শান্ত রোববার ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শান্ত জন্ডিসে ভুগছিলেন।
২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার দায়ে আদালত ২০০৭ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার পর তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল। গত ৪ মার্চ অসুস্থ অবস্থায় শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাশিমপুর কারাগারে জন্ডিসে আক্রান্ত হওয়ার পর শান্তকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসায় হয়। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।"
শান্তর চাচাতো ভাই শাহীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তর বাড়ি ঝিনাইদহ সদর থানার শিকারপুরে। মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ২০০৫ সালের ১৭ আগস্ট জেএমবির হয়ে সিরিজ বোমা হামলায় অংশ নেন তিনি।
শাহীন রেজা জানান, ওই ঘটনায় পুলিশ শান্তর বাবা আব্দুল লতিফ ও ভাই ফয়জুল্লাহকে আটক করে। এরপর পারিবারিক চাপের মুখে ওই বছরই ২৯ সেপ্টেম্বর ঝিনাইদহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন শান্ত। ২০০৬ সালের ২৮ ফেব্র"য়ারি ঝিনাইদহ জেলা জজ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। শান্ত ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।
শান্তর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/জিএমএ/জেকে/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24