বান্দরবান মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম)- মিয়ানমার, সিঙ্গাপুরসহ পাঁচটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা রোববার বান্দরবান পার্বত্য জেলা সফর করেছেন। তারা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যের প্রশংসা করেন।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর শেখ ছালেহ আহমদ জানান, রোববার সকালে চট্টগ্রাম থেকে বান্দরবানে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত ল্যানলিন ও তার স্ত্রী কিন, ব্র"নাইয়ের হাইকমিশনার দাতো আবদুর রহমান বিন আবদুল হামিদ ও তার স্ত্রী দাতিন মরিয়ম আহমেদ, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সুকবুম পার্ক ও তার স্ত্রী ইউন, তুরস্কের রাষ্টদূত ফেরিড এরগিন ও তার স্ত্রী নেইলা এরগিন এবং সিঙ্গাপুরের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মানিক বিন ওয়ালি।
তারা জেলার পর্যটন কেন্দ্র চিম্বুক, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাতের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
রাষ্ট্রদূতরা বান্দরবান সার্কিট হাউসে জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তারা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতার বিষয়টি তাদের সরকারকে জানাবেন বলে জেলা প্রশাসককে জানান।
রোববার বিকেলেই তারা বান্দরবান ছেড়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.
bdnews24