২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়া ন্যাশনাল পার্কে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বন্ধে শ্রীমঙ্গলে মানববন্ধন

লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেল-গ্যাস কোম্পানি শেভরনের বিধ্বংসী ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বন্ধের দাবিতে রোববার শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মৌলভীবাজার, ০৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেল-গ্যাস কোম্পানি শেভরনের বিধ্বংসী ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ বন্ধের দাবিতে রোববার শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শ্রীমঙ্গলের সচেতন নাগরিক কমিটির (সনাক), সমকাল সুহৃদ সমাবেশ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সকাল ১০ টা ৪০ মিনিট থেকে শুরু হয়ে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত শহরের চৌমোহনী চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিসর্গ সহায়তা প্রকল্পের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী, জনউদ্ভিদবিদ্যা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ। অধ্যাপক রফিকুর রহমান বলেন, ১৯৯৬ সালে সরকার এ বনকে জাতীয় উদ্যান ঘোষণা করার পর ২০০৪ সাল থেকে ইউএসএআইডি'র অর্থায়নে নিসর্গ সহায়তা প্রকল্পের মাধ্যমে এ বনে নিসর্গ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এখানে এ জরিপ চালানো হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণীসহ সামগ্রিক পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। পাভেল পার্থ বলেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালানো হলে বন্যপ্রাণী, বননির্ভর আদিবাসী এবং চা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এই ভূতাত্ত্বিক জরিপ ১৯৯৫ সালের পরিবেশ আইনেরও পরিপন্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৫ ঘ.