ঝিনাইদহ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মরণে তার গ্রাম মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুরে নির্মিত গ্রন্থ্গাার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম।
এ উপলক্ষে আয়োজিত বইমেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
গ্রন্থাগার ও বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের জন্য স্মারক হিসাবে তাদের গ্রামে একটি করে গ্রন্থাগার ও জাদুঘর নির্মাণ করা হচ্ছে। আমাদের জাতীয় ইতিহাসে এ উদ্যোগ মাইলফলক হিসাবে বিবেচিত হবে।"
তিনি বলেন, "বাংলাদেশের মানুষ বিদেশি শাসন ও শোষণ কোনদিন মেনে নেয়নি। ব্রিটিশবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এ দেশের মানুষ। মাতৃভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় ৫২ সালে রক্ত দিয়েছে আমাদের দেশের ছেলেরা। আমাদের জাতীয় জীবনে হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীন বাংলাদেশ।"
সি আর দত্ত বলেন, "বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মত্যাগ আমাদের আগামী প্রজন্মের মানুষকে সাহসী ও উজ্জীবিত করে তুলবে।"
দীর্ঘ ৩৬ বছর পর তার দেহাবশেষ নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনায় বর্তমান সরকারকে তিনি ধন্যবাদ জানান।
খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশীদ আলম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. কামাল আব্দুল নাসের চৌধূরী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, জেলা প্রশাসক আবু সাঈদ ফকির, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রমা রানী রায়, মেজর কবির, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার মনোয়ার হোসেন মালিতা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই ফজলুর রহমান প্রমুখ।
বোরবার থেকে খর্দ্দখালিশপুর গ্রামের নাম পরিবর্তন করে হামিদনগর রাখা হয়।
একই দিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ভ্রাম্যমাণ হাসপাতাল' খর্দ্দখালিশপুরে নিয়ে আসেন। এ হাসপাতাল থেকে তিন'শ রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
তিনি সাংবাদিকদের জানান, তার এই ভ্রাম্যমাণ হাসপাতাল পর্যায়ক্রমে সাত বীরশ্রেষ্ঠের জন্মগ্রামে নিয়ে যাবেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24