সাতক্ষীরা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রাহকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সাতক্ষীরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জুনিয়র হিসাব রক্ষক মামুনুর রশিদ ওরফে মামুনকে (৩৫) রোববার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শহরের পলাশপোল এলাকার গ্রাহক শাহাজান আলীর ১৮ হাজার টাকার বিদ্যুৎ বিল কমিয়ে আট হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেন মামুন। এর জন্য তিনি শাহাজানের কাছে পাঁচ হাজার টাকা চান।
রোববার দুপুরে শাহাজানের পক্ষে তার ভাই আয়ুব ঘুষের পাঁচ হাজার (১০টি পাঁচ'শ টাকার নোট) টাকা দিতে যান। টাকা নেওয়ার সময় যৌথবাহিনী মামুনকে হাতেনাতে আটক করে। তিনি সদর উপজেলার কাশেমপুর গ্রামের প্রয়াত সুলতান আহম্মেদের ছেলে।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৫ ঘ.
bdnews24