২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ঘুষ-দুর্নীতি নির্মূলে খোলামেলা মত দিলেন কক্সবাজারের নানা পেশার মানুষ

পুলিশের নানা অসংগতি ও সম্ভাবনা বিষয়ে খোলামেলা কথা বলেছেন জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা পুলিশের লজিষ্টিক সাপোর্ট বৃদ্ধি, ঘুষ ও দুর্নীতি নির্মূলসহ নানা বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কক্সবাজার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের নানা অসংগতি ও সম্ভাবনা বিষয়ে খোলামেলা কথা বলেছেন জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা পুলিশের লজিষ্টিক সাপোর্ট বৃদ্ধি, ঘুষ ও দুর্নীতি নির্মূলসহ নানা বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। মুক্ত আলোচনায় বক্তারা ঘুষ গ্রহণ ও নামের মিলের কারণে নিরাপরাধ মানুষ গ্রেপ্তার করার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা পুলিশের নানা অসুবিধা ও অদক্ষতা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে অনেকেই মানবাধিকার সমুন্নত রেখে অবিলম্বে এই অধ্যাদেশ কার্যকর করার আহবান জানান। তারা মনে করেন, দেশের যে কোন ভাল কাজ মাঝপথে থমকে যায়। সে জন্যই ১৮৬১ সালের ঔপনিবেশিক পুলিশ এ্যাক্ট থেকে বেরিয়ে আসার বর্তমান সময়কে কাজে লাগানোর আহবান জানান তারা। রোববার কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর প্রস্তাবিত খসড়া আইনের উপর কমিউনিটি কনসালটেশন সভায় সূচনা বক্তব্য রাখেন প্রধান অতিথি পুলিশের চট্টগ্রাম বিভাগীয় উপ-মহাপরিদর্শক একেএম শহিদুল হক। তার মতে "দেশের মানুষ পুলিশকে ভালো চোখে দেখে না। বেশিরভাগ মানুষই পুলিশকে ভয় পায়। আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছি। 'জনগণের পুলিশ এবং পুলিশ জনবান্ধব' এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য খসড়া পুলিশ অধ্যাদেশ-২০০৭ জারি করা হয়েছে।" কক্সবাজার পুলিশ সুপার বনজ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। প্রবীণ সাংবাদিক তোফায়েল আহমদ বলেন, "ক্রসফায়ার একটি অমানবিক প্রথা। এটা বন্ধে পুলিশের আইনে কিছু লেখা দরকার।" কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সিআরপিসি'র ৫৪ ধারার অপব্যবহার থেকে পুলিশকে বিরত রাখতে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন। রামু ডিগ্রি কলেজের প্রভাষক শারমিনা রেশমিন বলেন, সমাজের ভাল মানুষদের প্রতি কোন ধরনের খারাপ ব্যবহার যাতে পুলিশ করতে না পারে সেদিকে খেয়াল রেখেই পুলিশের জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী খসড়া পুলিশ আইনের প্রতি সমর্থন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ এমএসবি/১৫৪৯ ঘ.