ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি বলেছেন, বাংলাদেশের জনগণ এ বছরের মধ্যেই নির্বাচন চায়। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের ওপরও গুরুত্ব দিয়েছেন মার্কিন দূত।
গীতা পাসি রোববার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন মার্কিন দূত।
বৈঠক শেষে গীতা পাসি সাংবাদিকদের বলেন, "অমি মনে করি, বাংলাদেশের জনগণ এ বছরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এজন্য যা যা করণীয় সরকারের তাই করা উচিত।"
তিনি বলেন, "নির্বাচন যেনো কোনোভাবেই ২০০৮ এর ডিসেম্বরের পরে না যায়। আমরা আগেও অনেকবার চলতি বছরের মধ্যেই বহুল প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছি।"
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান গীতা পাসি।
তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করতে পেরে আমি সন্তুষ্ট। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা মতবিনিময় করেছি। চলতি অবস্থায় রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু, এই বছরের শেষেই নির্বাচন হওয়ার কথা; সে জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যাতে করে তারা পরিস্থিতিকে নির্বাচনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।"
সংলাপের ওপর গুরুত্ব দিয়ে গীতা পাসি বলেন, "আমরা মনে করি, সংলাপ খুবই প্রয়োজনীয়। মার্কিন দূতাবাসও বারবার সংলাপের কথা বলে আসছে।"
শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে গীতা পাসি বলেন, "এ বিষয়টিও আমাদের আলোচনায় এসেছে।"
আরেক প্রশ্নের উত্তরে মার্কিন দূত বলেন, "আমরা রোডম্যাপ সমর্থন করি। এই পর্যন্ত সরকার বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে উদ্যোগ নিয়েছে আমরা তারও প্রশংসা করি।"
জিল্লুর রহমানের গুলশানের বাসায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্যাহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ।
বৈঠকের পর সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে।"
তিনি বলেন, "প্রথম থেকেই তারা (যুক্তরাষ্ট্র) নির্বাচনের কথা বলে আসছে। তারা বিশ্বাস করে, এ বছর শেষেই নির্বাচন হবে। এর কোনও অন্যথা ঘটবে না বলে তারা আশাবাদী।"
সৈয়দ আশরাফুল বলেন, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার বিষয়টি মার্কিন দূতকে জানানো হয়েছে।
শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে গীতা পাসি উদ্বিগ্ন জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "তিনি শেখ হাসিনার সুচিকিৎসা চেয়েছেন; তা দেশে কিংবা দেশের বাইরে যেখানেই হোক না কেন। পাশাপাশি তার (গীতা পাসি) অভিমত, বিচারের ক্ষেত্রে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়।"
যুক্তরাষ্ট্রও জরুরি অবস্থা প্রত্যাহার চায় বলে আশরাফুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএ/১৫৩৫ ঘ.
bdnews24