ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে শহীদুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদুর সোনালী এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি তৈরি পোশাক ও মোটর পার্টসের ব্যবসা করেন। মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় তার বাসা।
গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা ছয়টার দিকে ওয়ারলেস গেটের সামনে কয়েকজন সন্ত্রাসী শহীদুর রহমানের পথরোধ করে তার নাম জানতে চায়। নাম বলার পর দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পথচারীদের সহায়তায় পুলিশ শহীদুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।"
ওই পুলিশ কর্মকর্তা জানান, শহীদুরের শরীরে ছয়টি গুলি লেগেছে। তাকে কী কারণে গুলি করা হয়েছে পুলিশ তা জানার চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২১৩০ ঘ.
bdnews24