২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মুরগি খামারে বার্ড ফ্লু সংক্রমণ, নিধন শুরু

রামপালের পেড়িখালী গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত খামার ও আশপাশের গৃহপালিত হাঁস-মুরগি নিধন কাজ শুরু হয়েছে। আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আক্রান্ত এলাকার এক বর্গ কিলোমিটারের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বাগেরহাট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপালের পেড়িখালী গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত খামার ও আশপাশের গৃহপালিত হাঁস-মুরগি নিধন কাজ শুরু হয়েছে। আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আক্রান্ত এলাকার এক বর্গ কিলোমিটারের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে এই নিধন অভিযান শুরু হয়েছে। চলবে মধ্যরাত পর্যন্ত। গত এক মাসে বাগেরহাটে চারটি মুরগি খামারে বার্ড ফ্লু সনাক্ত হল। বাগেরহাট জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম খান রাত সাড়ে আটটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেড়িখালী গ্রামের আক্রান্ত খামারের পাঁচশ মুরগিসহ এর এক বর্গ কিলোমিটারের মধ্যে গৃহপালিত হাঁস, মুরগি, কবুতর, কোয়েলসহ সকল ধরনের পাখি নিধন এবং ডিম ধ্বংস করা হবে।" ওই খামারের এক বর্গ কিলোমিটারের মধ্যে আর কোনো মুরগি খামার নেই বলেও জানান তিনি। তিনি জানান, সোমবার উপজেলার পেড়িখালী গ্রামের কাজী আনোয়ার হোসেনের মুরগি খামারে এক হাজারের বেশি মুরগি মারা যায়। জেলা পশু সম্পদ বিভাগ মঙ্গলবার মৃত মুরগির নমুনা ঢাকায় কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে পাঠায়। বৃহষ্পতিবার রাতে বার্ড ফ্লু নিশ্চিত করা হয়। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এক জরুরি সভায় নিধন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ওই আক্রান্ত এলাকার দশ বর্গ কিলোমিটার এলাকা থেকে কোনো হাঁস-মুরগি বা গৃহপালিত অন্য কোনো পাখি বাইরে কোথাও পাঠানো যাবে না। ৩ ফেব্র"য়ারি মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের ফরহাদ তালুকদারের মুরগি খামার এবং ৩ মার্চ ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের মিজানুর রহমান পলাশ ও ইনতাজ মোল্লার খামারে বার্ড ফ্লু ধরা পড়লে ওই এলাকার এক কিলোমিটারের মধ্যে সব হাঁস-মুরগি, কোয়েল, কবুতরসহ আট হাজার গৃহপালিত পাখি নিধন ও সাড়ে সাত হাজার ডিম ধ্বংস করা হয়। জেলা পশু সম্পদ বিভাগের সর্বশেষ হিসাব মতে বাগেরহাট জেলায় ৭৫৮টি মুরগি খামারে লেয়ার ও ব্রয়লার মিলে সাড়ে চার লাখের বেশি মুরগি পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪১ ঘ.