ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-এই অজর প্রত্যয় ঘোষণার দিন ৭ই মার্চ। ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিনই দিয়েছিলেন সেই অমর ভাষণ।
৭ই মার্চের ভাষণে পাকিস্তানী শোষণ আর নিপীড়নের যাঁতাকলে নিষ্পেষিত বাঙালিকে মুক্তির জন্য লড়াইয়ে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই লড়াই যে অনিবার্য ছিল তা প্রমাণিত হতে মাসও পেরোতে হয়নি। ২৫শে মার্চের কালরাত্রি পাকিস্তানী জান্তা যে শ্বাপদসুলভ হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের ওপর তাতে আর পেছনে ফেরার পথ ছিল না।
সবুজ জমিনে লাল সূর্যের মধ্যে হলুদে মানচিত্র আঁকা 'স্বাধীন বাংলার' পতাকা নিয়ে ১৯৭১ সালের এদিন সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রেসকোর্স ময়দানে আসতে শুরু করেন স্বাধীনতাকামী হাজার হাজার মানুষ। বিকাল তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই কানায় কানায় ভরে যায় রেসকোর্স ময়দান। লাখো মানুষের অধীর প্রতীক্ষা কখন আসবেন তাদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। কি দিকনির্দেশনাই বা দেবেন তিনি।
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর বিকেল সোয়া তিনটায় সমাবেশে আসেন বঙ্গবন্ধু। তিনি সমাবেশ মঞ্চে এসে দাঁড়াতেই জনতা প্রিয় নেতাকে অভিনন্দন জানায় আকাশ-কাঁপানো স্লোগান আর মুহুর্মুহু করতালিতে।
মাত্র ২০ মিনিটের অমর এক ভাষণে বঙ্গবন্ধু ডাক দিলেন পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রাম প্রস্তুতির। ছত্রে ছত্রে প্রতিবাদ আর প্রতিরোধের বারুদ ঠাসা সেই ভাষণ আজ রূপ পেয়েছে মহাকাব্যের।
স্বাধীনতাকামী মানুষের জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বজ্রনির্ঘোষে উচ্চারণ করলেন বাঙালির প্রতি বঞ্চনা, তার ক্ষোভ আর আকাক্সক্ষার কথা। 'সাত কোটি মানুষকে আর দাবায়া রাখতে পারবা না'
bdnews24