ঝালকাঠি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত মজবুত ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
ফখরুদ্দীন আহমদ বলেন, "সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতি, সন্ত্রাস ও দারিদ্রমুক্ত জাতি ও সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এর জন্য রোডম্যাপ অনুযায়ী সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে।"
তিনি বলেন, এই ধরনের একটি দেশ গড়া ও পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। স্ব-স্ব অবস্থানে থেকে যথাযথ ভূমিকা পালন ও সবার সহযোগিতায় সে রকম একটি দেশ গঠন করা সম্ভব বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
সেনাবাহিনী ইতিমধ্যে ছবিযুক্ত ভোটার তালিকার কাজ অর্ধেক শেষ করেছে উল্লেখ করে তিনি বলেন, বাকী কাজ দ্রুত শেষ করা হবে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "সারা বিশ্বে চাল, গম ও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষি উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। উৎপাদন বাড়াতে সরকার কৃষি খাতে বেশি বরাদ্দ ও জোর দিয়েছে।"
ড. ফখরুদ্দীন বলেন, "কৃষকদের উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কৃষকদের হাতে ন্যায্য মূল্যে ও সময়মত সার পৌঁছে দেওয়া হচ্ছে। এক কেজি ইউরিয়া সার ৩৬ টাকায় কিনে ৩০ টাকা ভর্তুকি দিয়ে মাত্র ৬ টাকায় বিক্রি করা হচ্ছে। উৎপাদন বাড়াতে হলে দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবে না।"
বাড়ির পাশেও গাছ লাগিয়ে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ঝালকাঠি জেলা প্রশাসক হরিপ্রসাদ পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঁঠালিয়ার ইউএনও মো. জসিম উদ্দিন, শ্রমিক প্রতিনিধি আবদুল মালেক, ইউপি সদস্য আবু ইউসুফ, ক্ষুদ্র উদ্যোক্তা মো. বেলায়েত হোসেন, এনজিও প্রতিনিধি বুলু মিত্র, ব্যবসায়ী কামাল হোসেন, কৃষক আব্দুল লতিফ হাওলাদার, সাংবাদিক আক্কাস সিকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২১৩৫ঘ.
bdnews24