২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি আত্মসাত মামলায় সিলেটে বিএনপি নেতা উসমান গ্রেপ্তার

নগরীর আখালিয়া নবাবী মসজিদের ভূমি দখল মামলায় গ্রেপ্তার হয়েছেন ভূমি ব্যবসায়ী ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি উসমান মিয়া (৭০)। বুধবার মধ্যরাতে আখালিয়ার নেহারীপাড়ায় প্রতিবেশীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

সিলেট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আখালিয়া নবাবী মসজিদের ভূমি দখল মামলায় গ্রেপ্তার হয়েছেন ভূমি ব্যবসায়ী ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি উসমান মিয়া (৭০)। বুধবার মধ্যরাতে আখালিয়ার নেহারীপাড়ায় প্রতিবেশীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উসমান মিয়াকে দুটি জালিয়াতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মসজিদের জায়গা দখলসহ অনেক অভিযোগ আছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, নগরীর আখালিয়ায় নবাবী মসজিদের ভুমি দখলসহ জালিয়াতির অভিযোগে উসমান মিয়ার বিরুদ্ধে মামলা ছিল। মসজিদের সেক্রেটারি হাজী মো. সুনু মিয়া গত বছরের ১০ জুন সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন। এই মামলার পর উসমান আত্মগোপন করেন। তার বিরুদ্ধে আখালিয়া এলাকায় সড়ক ও জনপথের (সওজ) প্রায় নয় কোটি টাকা সমমূল্যের ভূমি দখল করে বহুতল বিপণি বিতান তৈরিসহ বিভিন্ন জালিয়াতির মাধ্যমে জায়গা দখলের অভিযোগ রয়েছে। বর্তমান তত্ত্ববধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পর জেলা প্রশাসনের অবৈধ দখলদার উচেছদ অভিযানে গত বছরের ১৮ আগষ্ট সওজের জায়গা দখল করে করা উসমান মিয়ার বিপণি বিতানের একাংশ ভেঙে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন বলে উসমান এলাকায় একজন রাজাকার হিসেবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.