২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার মৃত্যু নিয়ে স্ত্রীর অভিযোগ, হাসপাতালের ব্যাখ্যা

চিত্রনায়ক মান্নার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন তার স্ত্রী শেলী কাদের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন শেলী কাদের। এ জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদনও জানিয়েছেন তিনি। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে মান্নাকে সবচেয়ে আধুনিক চিকিৎসা দেওয়ার দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিত্রনায়ক মান্নার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন তার স্ত্রী শেলী কাদের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন শেলী কাদের। এ জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদনও জানিয়েছেন তিনি। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে মান্নাকে সবচেয়ে আধুনিক চিকিৎসা দেওয়ার দাবি করেছে। তবে মান্নাকে যথাযথ চিকিৎসা দিতে দেরি হওয়ার কথা জানিয়ে তারা বলেছে, মান্নার ওই সময়ের শারীরিক অবস্থার বিবেচনায় অপেক্ষাকৃত কার্যকর চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে তার ভাই প্রিন্স তালুকদার পান্না সময়মতো সিদ্ধান্ত দিতে পারেননি। ১৭ ফেব্র"য়ারি ভোরে এস এম আসলাম তালুকদার মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই মৃত্যু হয় তার। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেলী কাদের বলেন, "এক জন মুমূর্ষু রোগীকে বাঁচাতে যে দায়িত্ব ও নৈতিকবোধ থাকা দরকার, তা ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের ছিল না।" ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মান্নার পরিবারের পক্ষ থেকে দ্রুত কোনও সিদ্ধান্ত পায়নি বলে গণমাধ্যমে যে বক্তব্য এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন শেলী কাদের। তিনি বলেন, "তারা অপরাধ ঢাকতে এখন মিথ্যা কথা বলছে।" এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে সুবিচার ও প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি চেয়ে শেলী কাদের বলেন, "তদন্তে দোষীরা শাস্তি পেলে সুস্থ-চিকিৎসা সেবায় তা মাইলফলক হয়ে থাকবে।" প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো আবেদনের একটি কপিও সাংবাদিকদের দেন শেলী কাদের। সংবাদ সম্মেলনে মান্নার একমাত্র ছেলে সিয়াম ইমতেমাস, ভাই প্রিন্স তালুকদার পান্না ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে এক সংবাদ সম্মেলনে শেলী কাদেরের অভিযোগ অস্বীকার করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. আবু মো. শফিক। এতে বলা হয় ১৭ ফেব্র"য়ারি ভোর ৫ টা ৫৫ মিনিটে মান্না বুকে ব্যথা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে আসার সঙ্গে সঙ্গেই তার ইসিজি করানো হয়। ইসিজির রিপোর্ট থেকে চিকিৎসকরা নিশ্চিত হন যে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত। এরপর তাকে অন্যান্য জরুরি চিকিৎসা দেওয়া হয়। সকাল সাড়ে ৬টায় তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে ভর্তি করা হয়। এরপর মান্নার স্বজনদের অবহিত করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা মান্নার ভাইকে হার্ট অ্যাটাকে বন্ধ হয়ে যাওয়া রক্তনালী খোলার দু'টি পদ্ধতি সম্পর্কে জানান, এগুলোর সুবিধা-অসুবিধার দিক ব্যাখ্যা করে সিদ্ধান্ত চান। কিন্তু তিনি কম কার্যকরী 'ইনজেকশন স্ট্রেপটোকাইজেন' পদ্ধতিটি বেছে নেন। এরপর ওই পদ্ধতিতে ইনজেকশন করে মান্নার শরীরে ওষুধ দেওয়া হয়। কিন্তু তা কার্যকর হয়নি। এরপর আরেকটি পদ্ধতি প্রাইমারি করোনারি ইন্টারভেনশন (পিসিআই) প্রয়োগের সিদ্ধান্ত চাওয়া হলে মান্নার ভাই দেরিতে অনুমতি দেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির, চিফ কার্ডিয়াক কনসালটেন্ট ডা. মমিনুজ্জামান, কার্ডিয়াক কনসালটেন্ট ডা. ফাতেমা বেগম প্রমুখ। মান্না যখন ভর্তির সময় দায়িত্বে থাকা কার্ডিওলজিস্ট ডা. জহিরউদ্দীন মাহমুদ ইলিয়াস বলেন, "আমি চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার জন্য মান্নার ভাই পান্নাকে জিজ্ঞেস করলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। কিছু হলে পরিবার তাকে দোষারোপ করবে। মান্নার স্ত্রী দেশের বাইরে রয়েছেন, তিনি এলেই সিদ্ধান্ত দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমএইচবি/২১৩৪ ঘ.