২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি

ঘিওর উপজেলার জাবরা গ্রামে মঙ্গলবার রাতে পরপর পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে বলে দাবি করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মানিকগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘিওর উপজেলার জাবরা গ্রামে মঙ্গলবার রাতে পরপর পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে বলে দাবি করেছে এলাকাবাসী। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ পরিদর্শক রঞ্জিত কুমার দাস এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ থেকে ২৫ জনের সশস্ত্র ডাকাত দল মঙ্গলবার মধ্যরাতে জাবরা গ্রামে মৃনাল কান্তি সাহার বাড়িতে ঢোকে। তারা নয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২১ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে। পরে ডাকাতরা পর্যায়ক্রমে প্রতিবেশী লক্ষণ সাহা, সন্তোষ কুমার সাহা, সুরেশ চন্দ্র সাহা ও আবুল কাশেমের বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুট করে। রঞ্জিত কুমার দাস আরও জানান, ডাকাতদের একটি দলই পাঁচটি বাড়িতে ডাকাতি করে। ঘটনার পর জাবরা থেকে আলাল নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বুধবার ঘিওর থানায় পাঁচটি মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৩২ ঘ.