চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী সিইউএফএল জেটিতে খালাস করা ১০ ট্রাক অস্ত্র মামলাটি পুলিশের অপরাধ দমন বিভাগের (সিআইডি) একজন অভিজ্ঞ, যোগ্য ও সৎ কর্মকর্তার মাধ্যমে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ বুধবার এ আদেশ দেন।
বিচারক আগামী ৫ মে-এর মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিআইডির অতিরিক্ত মহা পরিদর্শককে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, "আদালত পুনরায় তদন্তের মাধ্যমে একটি আস্থাযোগ্য প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যাতে অধিকতর তদন্তের মাধ্যমে ঘটনার মূল বিষয়গুলো, অস্ত্র খালাসের কারণ এবং এর পেছনে কারা জড়িতসহ পুরো বিষয়গুলো স্পষ্টভাবে উঠে আসে।"
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাস করে ১০টি ট্রাকে ওঠানোর সময় পুলিশ তা আটক করে। অত্যাধুনিক অস্ত্রের ওই চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়।
অস্ত্র উদ্ধারের পর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। ২০০৬ সালের ১৭ জানুয়ারি থেকে এ মামলা দুটির বিচার কাজ শুরু হয়।
তবে পুলিশের দেওয়া অভিযোগপত্রে নানা অসঙ্গতি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি সৎ যোগ্য কর্মকর্তার মাধ্যমে অধিকতর তদন্তের জন্য গত ১২ ফেব্র"য়ারি সিএমপি কমিশনারকে নির্দেশ দেন। সিএমপি কমিশনার গত ৩ মার্চ তদন্তে অপারগতা প্রকাশ করে সিআইডির মাধ্যমে তদন্তের জন্য আদালতে আবেদন জানান।
এর পরই বুধবার আদালত শুনানি শেষে সিআইডির মাধ্যমে পুনরায় তদন্তের আদেশ দেন।
প্রথমে মামলার বাদি আহাদুর রহমান, পরবর্তী সময়ে সিআইডির সহকারী পুলিশ কমিশনার একেএম কবির উদ্দিন এবং সবশেষে সিআইডির সহকারী পুলিশ কমিশনার মীর নওশের আলী মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন। ২০০৪ সালের ২৫ আগস্ট মামলা দুটির অভিযোগপত্র দাখিল এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৩২ ঘ.
bdnews24