ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক জনবল, যানবাহনসহ আনুষঙ্গিক বিষয়াদি আগামী ২২ এপ্রিলের মধ্যে নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই দিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার সকাল সাড়ে নয়টায় প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়।
শুনানিতে সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল হাকিমদের জনবল নিয়োগ সংক্রান্ত বিধিমালার গেজেট আদালতে উপস্থাপন করে বলেন, তিন মার্চ সরকার এ গেজেটটি জারি করেছে।
আদালত বলেন, সরকার গেজেট জারি করেছে। কিন্তু বাদবাকি অন্য কাজগুলো কবে শেষ হবে?
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারবিভাগ পৃথককরণের বাদ বাকি কাজগুলো করা হচ্ছে।
আদালত সংক্ষিপ্ত শুনানি গ্রহণ শেষে আগামী ২২ এপ্রিল বা তার আগে বিচারবিভাগ পৃথককরণের বাদবাকি কাজ শেষ করে আদালতকে জানাতে সরকারকে নির্দেশ দেন।
আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন, পূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত বছরের সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল।"
তিনি জানান, আদালতের সে নির্দেশে সরকার হাকিমদের জনবল নিয়োগ বিধিমালার গেজেট জারি করেছে। এ জনবল নিয়োগ এবং যানবাহনের ব্যবস্থাসহ আনুষঙ্গিক কাজগুলোর অগ্রগতি হচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ওইদিন থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কাজ শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/আরএ/জিএনএ/১০৪১ ঘ.
bdnews24