২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াকে উদ্দীপ্ত করার লুসিজেসি ইনজেকশনসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

রেসের ঘোড়াকে উদ্দীপ্ত করার জন্য ব্যবহৃত লুসিজেসি ইনজেকশনসহ এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 06:41 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রেসের ঘোড়াকে উদ্দীপ্ত করার জন্য ব্যবহৃত লুসিজেসি ইনজেকশনসহ এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদকবিক্রেতার নাম সারওয়ার (২৫)। মঙ্গলবার দুপুরে গুলিস্তান গোলাপ শাহ মাজার এলাকা থেকে ৩১২ অ্যাম্পুল লুসিজেসি ইনজেকশনসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুপ্রেন অরফাইনযুক্ত লুসিজেসি ইনজেকশন মূলত রেসের আগে ঘোড়াকে উদ্দীপ্ত করার জন্য ব্যবহৃত হয়। এটা ইদানীংকালে মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বুপ্রেন অরফাইনযুক্ত অন্য নামের মাদক এর আগে ঢাকায় ধরা পড়েছে। এটি বাংলাদেশে নিষিদ্ধ। মূলত ভারত থেকে এ ধরনের মাদক বাংলাদেশে আসছে।" বুপ্রেন অরফাইনযুক্ত ওষুধ ব্যথানাশক, বিশেষ করে ক্যান্সার রোগীদের ব্যথা উপশমে ব্যবহৃত হয়। ফজলুর রহমান জানান, গ্রেফতারকৃত সারওয়ার বলেছে, সে জয়পুরহাটের হিলি সীমান্ত দিয়ে এ মাদক ভারতীয় চোরাকারবারিদের কাছ থেকে নিয়ে এসে ঢাকার বিভিন্ন মাদক স্পটে সরবরাহ করতো। ঢাকায় এক অ্যাম্পুল লুসিজেসি একশ' থেকে একশ' ২০ টাকায় বিক্রি হয়। সারওয়ারের পায়ের সঙ্গে অ্যাঙ্কলেট দিয়ে বেঁধে রাখা অবস্থায় অ্যাম্পুলগুলো পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০০৩৪ ঘ.