২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজ কেনার বিষয়ে আবার বৈঠকে বসছে বিমান পর্ষদ

জাতীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনার বিষয়ে সোমবারের দীর্ঘ বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিমানের পরিচালনা পর্ষদ আগামী রোববার আবার বৈঠকে বসবে। চারটি নতুন উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং এবং ইউরোপের এয়ারবাস কোম্পানীর দুটি পৃথক প্রস্তাব খতিয়ে দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 09:07 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনার বিষয়ে সোমবারের দীর্ঘ বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিমানের পরিচালনা পর্ষদ আগামী রোববার আবার বৈঠকে বসবে। চারটি নতুন উড়োজাহাজ কেনার জন্য যুক্তরাষ্ট্রের বোয়িং এবং ইউরোপের এয়ারবাস কোম্পানীর দুটি পৃথক প্রস্তাব খতিয়ে দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার রাতে সাড়ে ৫ ঘন্টা দীর্ঘ বৈঠকে দুটি প্রস্তাব পর্যালোচনা করা হয়েছে বলে পর্ষদের সদস্য ওয়াহিদুল আলম রাত ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান। তিনি বলেন, " বৈঠকে একই সঙ্গে বহর পরিকল্পনা কমিটির সুপারিশ নিয়েও আলোচনা করা হয়। তবে উড়োজাহাজ কেনার বিষয়ে সোমবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্ষদ রোববার আবার বৈঠকে বসবে।" সোমবার সন্ধ্যা ছয়টায় বিমানের কুর্মিটোলার সদর দপ্তর 'বলাকা'য় পরিচালনা পর্ষদের বৈঠক বসে। রাত সাড়ে ১১টার দিকে এই বৈঠকমূলতুবি করা হয়। বিমানের বহর পরিকল্পনা কমিটি এক সুপারিশে বহরে অন্তত আটটি নতুন উড়োজাহাজ সংযোজন করার প্রস্তাব দিয়েছে। বোয়িং কোম্পানির উড়োজাহাজ বিক্রির প্রস্তাবের মেয়াদ রয়েছে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বহর পরিকল্পনা কমিটির সদস্য ক্যাপ্টেন শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিমানের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত বছর ২৮ নভেম্বর বোয়িং কোম্পানির একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে আটটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়। নতুন ও পুরোনো উড়োজাহাজ মিলিয়ে বোয়িং কোম্পানি বিমানকে যে আটটি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়, এর মধ্যে ছিল ৭৮৭ ও ৭৭৭ মডেল। এই প্রস্তাবে সাড়া পেলে ২০১১ সাল নাগাদ তারা উড়োজাহাজগুলো সরবরাহ করতে সক্ষম বলে প্রতিনিধিদল জানায়। বোয়িং কোম্পানীর এই প্রস্তাবের মেয়াদ আগামী ১৫ মার্চ শেষ হচ্ছে। ক্যাপ্টেন শাহ আলম জানান, গত ৫ ফেব্র"য়ারি এয়ারবাস কোম্পানির একটি প্রতিনিধিদলও বাংলাদেশে এসে বিমানকে চারটি নতুন এ-৩৩০ উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দিয়েছে। তারা ২০১৩ সাল নাগাদ এই সুপরিসর উড়োজাহাজগুলো সরবরাহ করতে পারবে। তিনি আরও জানান, এয়ারবাসের প্রস্তাবে ছোট আকৃতির এ-৩২০ উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ও রয়েছে। বিমান কর্তৃপক্ষ এতে সম্মত হলে পর্যায়ক্রমে তারা বিমানের পুরনো চারটি এ-৩১০ উড়োজাহাজ বদলে ফেলবে। বিমান কর্মকর্তারা জানান, এর আগে এয়ারবাস কোম্পানি ১৯৯৮ সালের শেষ দিকে উড়োজাহাজ বিক্রি করার প্রস্তাব দেয়। তবে সেসময় নতুন উড়োজাহাজ কেনার কোনো পরিকল্পনা বিমানের ছিল না। গতবছর বিমান চারটি সুপরিসর উড়োজাহাজ ইজারার মাধ্যমে কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছিল। তবে 'আশাব্যঞ্জক সাড়া' না পাওয়ায় তারা এখন সরাসরি নির্মাতাদের সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উড়োজাহাজ কিনে পর্যায়ক্রমে পুরনোগুলোকে বিক্রি করার পরিকল্পনা করছে বিমান। বিমানের চারটি ডিসি-১০,তিনটি এয়ারবাস ও তিনটি এফ-২৮ উড়োজাহাজ অন্তত ১৫ থেকে ২৫ বছরের পুরনো হওয়ায় প্রায়ই এগুলো যান্ত্রিক ত্র"টির কারণে বিকল হয়ে পড়ছে। রক্ষণাবেক্ষণে দীর্ঘদিন ধরে অনিয়মকেও এজন্য দায়ী করা হয় যা বিমান সংস্থাটির দুর্গতির অন্যতম প্রধান কারণ বলে মনে করেন পর্যবেক্ষকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৪৫৯ঘ.