রবিউল হাসান ডলার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় মাস যুদ্ধে যে নেজামউদ্দিন ক্লান্ত হননি; সেই নেজামউদ্দিন আজ ক্লান্ত। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তার সে স্বপ্ন আজও পূরণ হয়নি। স্বাধীন ভূমিতে যখন রাজাকাররা বুক উঁচিয়ে হাঁটেন, তখন নেজামউদ্দিনের কষ্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মুক্তিযুদ্ধ শেষ হয়নি। মানুষে মানুষে ভেদাভেদ যেদিন দূর হবে, মুক্তিযুদ্ধের আকাক্সক্ষা যেদিন বাস্তবায়িত হবে, সেইদিনই প্রকৃত অর্থে যুদ্ধ শেষ হবে।"
মুক্তিযুদ্ধে জয়ী নেজামউদ্দিন ৫৮ বছরের জীবনযুদ্ধে এখন ক্লান্ত, অবসন্ন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউমার্কেটে একটি দোকানের বারান্দায় চা বিক্রি করেন। নিজের দোকান নেই, তাই বারান্দাই ঠিকানা। দুই ছেলে আর এক মেয়ে নিয়ে সংসার।
২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার কথা শুনেই বন্ধুদের নিয়ে যুদ্ধের প্রস্তুতির কথা ভাবতে শুরু করেন ২২ বছরর বয়সী নেজামউদ্দিন। ডাক এলে আর পিছু তাকাননি। নবপরিণীতা স্ত্রীকে ফেলে ২৬ মার্চ বাড়ি থেকে বেরিয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়ার নেজামউদ্দিন।
কোনও প্রশিক্ষণ ছাড়াই ২৬ মার্চ রাতে সহযোগীদের নিয়ে হামলা চালান চাঁপাইনবাবগঞ্জ থানা ও তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস ক্যাম্পে। সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে সোনা মসজিদ সীমান্ত অতিক্রম করে ভারতের মালদায় চলে যান নেজাম। সেখানে দেখা হয় সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান, মেজর গিয়াস ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসহ অনেকের সঙ্গে।
নেজামউদ্দিন বলেন, "মালদায় ২৮ দিন প্রশিক্ষণের পর শিলিগুঁড়ির রায়গঞ্জেও কিছুদিন প্রশিক্ষণ নিই। সেখানে প্রশিক্ষণ শেষে আমাদের মালদা জেলার মোহদিপুর ক্যাম্পে পাঠানো হয়। মোহদিপুর ক্যাম্পে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নূরুজ্জামান, মেজর গিয়াস ও ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (বীরশ্রেষ্ঠ) আমাদের নির্দেশনা দিতেন। তাদের নেতৃত্বে ছোট ছোট দলে ভাগ হয়ে সোনা মসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কলাবাড়িতে প্রায় প্রতিদিনই পাক বাহিনীর সঙ্গে সংঘর্ষ হত।"
তিনি জানান, ওই সড়কে রাতে রাজাকাররা পাহারা দিত। দিনে থাকত পাকিস্তানি সেনারা। সড়কটি মুক্ত করতে মুক্তিযাদ্ধারা নিয়মিতই হামলা চালাত।
নেজামউদ্দিন রাজশাহীতেও যুদ্ধ করেন। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের দখল নিতে কাসিয়া এলাকায় টানা চারদিন যুদ্ধ করে রাজশাহী শহরের প্রবেশ মুখ দখল করে মুক্তিবাহিনী। এরপর আবার চাঁপাইনবাবগঞ্জ ফিরে আসেন নেজামউদ্দিন।
নেজামউদ্দিনের অংশ নেওয়া সবচেয়ে ভয়াবহ লড়াই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাটে। লড়াইয়ের তারিখ মনে নেই তার।
বললেন, "সেদিন ছিল রোজার ঈদের আগের দিন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৪০/৫০ জন যোদ্ধা নিয়ে আড়গাড়াহাট আক্রমণ করেন। ভয়াবহ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে হটিয়ে ওই এলাকার দখল নেন। এখানে গুরুতর আহত হন নজরুল। তার পেটে গুলি লাগে। আমি তাকে উদ্ধার করে মালদা হাসপাতালে পৌঁছে দিই। নজরুল বেঁচে যান।"
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যেদিন (১৪ ডিসেম্বর) মারা যান, সেদিন নেজামউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে দিয়ে যুদ্ধ করতে করতে শহরে ঢুকেন।
"শহরে ঢোকার পর খবর পাই ক্যাপ্টেন জাহাঙ্গীর পাকবাহিনীর গুলিতে মারা গেছেন। অসীম সাহসী এ মানুষটির মৃত্যুতে আমরা কেঁদেছিলাম। পরক্ষণেই আবার নিজেদের সামলে নিয়ে সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিই। ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়।"
মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও মানুষের সার্বিক মুক্তি মেলেনি বলে মনে করেন নেজামউদ্দিন।
বলেন, "মুক্তিযুদ্ধ শেষ হয়নি। মানুষে মানুষে ভেদাভেদ যেদিন দূর হবে, মুক্তিযুদ্ধের আকাক্সক্ষা যেদিন বাস্তবায়িত হবে, সেইদিনই প্রকৃত অর্থে যুদ্ধ শেষ হবে।"
তিনি বলেন, "কারও দয়ায় বাঁচতে চাই না। কিন্তু খারাপ লাগে যখন দেখি, স্বাধীন দেশে রাজকারেরা বুক উঁচিয়ে হাঁটে। তারা ঠাট্টা-বিদ্রুপ করে মুক্তিযুদ্ধ নিয়ে। যখন বড় কষ্ট হয়। দেশ স্বাধীন করে কী লাভ হয়েছে- প্রশ্নে উত্তর খুঁজে পাই না।"
যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে নেজামউদ্দিন বলেন, "যদি যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারি তবে মরেও শান্তি পাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৭ ঘ.
bdnews24