ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্ৗেছানোর পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা তার শরীরে বিভিন্ন পরীক্ষার কাজ করছেন।
আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, '' কিছুক্ষণ আগে সিঙ্গাপুরে টেলিফোনে কথা হয়েছে। সাধারণ সম্পাদক জলিল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।''
তিনি জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
আবদুল জলিল হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত কয়েকদিন ধরে তার কিডনি প্রায় নিষ্ক্রিয় ছিল বলে মেডিকেল বোর্ড দ্রুত উন্নত চিকিৎসার সিঙ্গাপুর পাঠানোর সুপারিশ করে।
'মানবিক দিকের বিবেচনায়' প্যারোলে মুক্তিপ্রাপ্ত জলিল সোমবার রাত ১২টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন। স্ত্রী রেহানা জলিলও তার সঙ্গে গেছেন। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপ কারা মহা পরিদর্শক উপস্থিত ছিলেন।
সরকার রোববার আব্দুল জলিলকে এক মাসের জন্য প্যারেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এসকে/১১৫৭ঘ.
bdnews24