ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ৪ মার্চ সান্ধ্য আইন ভেঙে পথে নেমে আসে প্রতিবাদী বাঙালি। এদিন ছিল স্বাধিকার আন্দোলন এগিয়ে নেওয়ার লক্ষ্যে আহুত লাগাতার হরতালের দ্বিতীয় দিন। অচল হয়ে পড়ে ঢাকাসহ সারা পূর্ব বাংলা যাকে আর পূর্ব পাকিস্তান বলে মানসিকভাবে মানতে চাইছিল না বাঙালি।
হরতাল সত্ত্বেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন তোলার সুবিধার্থে বাঙালির অবিসংবাদিত নেতায় পরিণত আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদিন বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস খোলা রাখা হয়।
ঢাকায় ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালিত হয়। নগরীর পথে পথে দেওয়া হয় ব্যারিকেড। মালিবাগে রেল লাইন উপড়ে ফেলে বিক্ষুদ্ধ মানুষ। রেলের বগি উল্টে ফেলে তৈরি করা হয় প্রতিবন্ধক।
দেশের বিভিন্নস্থানে স্বাধীনতাকামী জনতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ঘটে।
এইদিন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। পাক সেনারা টঙ্গী, খুলনা, রাজশাহী, যশোর ও চট্টগ্রামে বিক্ষুদ্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এতে কয়েকজন প্রাণ হারান। খুলনায় বাঙালি ও অবাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়। রংপুরে জারি করা হয় কারফিউ। কিন্তু দমননীতি চালিয়ে মুক্তিকামী বাঙালির আন্দোলন স্তদ্ধ করা যায়নি। বরং তা আরো জোরদার হয়।
১ মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করার পরই বিক্ষোভে ফেটে পড়েছিল বাঙালি। ক্রমশ পূর্ব পাকিস্তানের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। অসহযোগের পথ ধরে আন্দোলন এগিয়ে যায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার অবশ্যম্ভাবী পরিণতির দিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১২০ঘ.
bdnews24