২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে যৌথ প্রতিনিধি দল

নেদারল্যান্ড, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি যৌথ প্রতিনিধি দল সোমবার দুপুরে সিরাজগঞ্জের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ড, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি যৌথ প্রতিনিধি দল সোমবার দুপুরে সিরাজগঞ্জের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে। ১০ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের যমুনা নদীর পশ্চিম তীরবর্তী শহর রক্ষা বাধ 'হার্উপয়েন্টে' নামেন। এরপর তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে নদী ভাঙ্গন ও এর প্রতিকারের বিষয়ে আলোচনা করেন বাধ এলাকা ঘুরে দেখেন। চলতি বছর নেদারল্যান্ড সরকার ও এডিবির অর্থায়নে 'সমন্বিত নদী তীর সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা প্রকল্প' বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন তারা। প্রতিনিধিদলে ছিলেন ডাচ ওয়াটার বোর্ডের মহাপরিচালক (ডিজি) বার্ট কেইজট্স্, ডাচ ওয়াটার বোর্ডের পানি ব্যবস্থাপনা কেন্দ্রের জেনারেল ডিরেকটর লুইটজেন বিজল্স্মা, ডাচ ওয়াটার বোর্ডের ডিজির উর্ধ্বতন উপদেষ্টা এ্যানেলাই কোওল্ ও প্রকল্প ব্যবস্থাপক টম ভ্যানডার ওয়েকেন। এই দলে আরও ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হুয়া দু ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ঝিয়ান ঝু, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আইয়ুব মিয়া ও পাউবোর পরিকল্পনা প্রধান "চিফ, প্লানিং) মো. আজিজুল হক, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ড রাষ্ট্রদূত বিটেন টুশার ও দুতাবাসের পানি ব্যবস্থাপনা উপদেষ্টা এটিএম খালেদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেদারল্যান্ড রাষ্ট্রদুত বিটেন টুশার ও ডাচ ওয়াটার বোর্ডের ডিজি বার্ট কেইজট্স বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে নদী শাসন ও পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য স্থানে পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। তাই সময় উপযোগী প্রকল্প গ্রহণ করতে হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর হুয়া দু বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন প্রকল্পের অর্থ স্থানান্তর করে সিডর বিধ্বস্ত এলাকায় বরাদ্দ বাড়িয়ে দেওয়ার বিষয়টি ঠিক নয়। বরং সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ও বাস্তবমূখী পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। ইতোমধ্যে অনুরূপ বিভিন্ন প্রকল্পে এডিবি অর্থায়ন শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.