২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরাকীর্তি নিয়ে সন্দেহ দূর করতেই প্রদর্শনী: সংস্কৃতি উপদেষ্টা

ফ্রান্স থেকে ফিরিয়ে আনা পুরাকীর্তি নিয়ে জনমনে যে বিভ্রান্তি ও সন্দেহ দেখা দিয়েছে তা দূর করতেই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। সোমবার জাতীয় জাদুঘরে পুরাকীর্তি প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। উপদেষ্টা নিশ্চিত, আসল পুরাকীর্তিগুলোই ফেরত এসেছে। তবে প্রয়োজনে এগুলোর রাসায়নিক পরীক্ষা হবে বলেও জানান তিনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্স থেকে ফিরিয়ে আনা পুরাকীর্তি নিয়ে জনমনে যে বিভ্রান্তি ও সন্দেহ দেখা দিয়েছে তা দূর করতেই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। সোমবার জাতীয় জাদুঘরে পুরাকীর্তি প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। উপদেষ্টা নিশ্চিত, আসল পুরাকীর্তিগুলোই ফেরত এসেছে। তবে প্রয়োজনে এগুলোর রাসায়নিক পরীক্ষা হবে বলেও জানান তিনি। ফ্রান্সের গিমে জাদুঘরে পাঠানো ৪২টি এবং না পাঠানো ১৪৩টি পুরাকীর্তির প্রদর্শনী সোমবার বিকালে শুরু হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত তা চলবে। প্রদর্শনী শুরুর দিনই দর্শনার্থীরা প্রদর্শনীতে ভিড় জমায়। বিকাল পৌনে ৪টায় উদ্বোধন শেষে রাশেদা কে চৌধুরী সাংবাদিকদের বলেন, "ফেরত আসা পুরাকীর্তি নিয়ে জনমনে যে বিভ্রান্তি ও সন্দেহের সৃষ্টি হয়েছে, তা দূর করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে মানুষ পুরাকীর্তিগুলো সম্পর্কে জানতে ও দেখতে পারবে।" তিনি বলেন, "প্রয়োজন হলে ফেরত আসা পুরাকীর্তিগুলোর রাসায়নিক পরীক্ষা করা হবে। আর পরীক্ষা যদি করতেই হয় তাহলে দেশি বিশেষজ্ঞদের দিয়েই করানো হবে।" ফেরত আসা পুরাকীর্তিগুলো আসল কিনা- এ প্রশ্নে সংস্কৃতি উপদেষ্টা বলেন, "আমি নিশ্চিত এগুলো আসল। যেভাবে আনা-নেওয়া হয়েছে এবং অন্যান্য সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে; তাতে বলতে পারি এগুলো আসল, রেপ্লিকা নয়।"