ঢাকা মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বুড়িগঙ্গা থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সোমবার। এ নিয়ে বৃহস্পতিবারের লঞ্চডুবির পর উদ্ধারকৃত লাশের সংখ্যা র্দাঁড়ালো ৪৭ এ।
সোমবার উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গিয়েছে। লাশটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কান্দাহারের মৃত মহিউদ্দিনের ছেলে হাবিবুর রহমানের। তিনি সোনারগাঁয়ের জর্জ মিয়ার জামাতা।
লাশটির উদ্ধারকারী জর্জ মিয়া নিজেই। গত পরশু লাশ উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করার পর থেকে জর্জ মিয়া নিজেই তার জামাতার লাশ উদ্ধারের চেষ্টা করছিলেন। তিনি মোট আটটি লাশ উদ্ধার করেছেন।
সোমবার সকাল আটটায় জর্জ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জামাতার লাশ খুঁজে পাওয়ার কথা জানান।
এখনও সজীব নামের এক সপ্তম শ্রেণীর ছাত্র এবং ছয় জন শ্রমিকের লাশ খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছে।
ঢাকা থেকে মুন্সীগঞ্জের ঢহুরী যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে বালুবাহী ট্রলারের ধাক্কায় দেড়শ যাত্রী নিয়ে ডুবে যায় সৌরভ-১ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৩১৭ঘ.
bdnews24