২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার রাতে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে জলিলকে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ আব্দুুল জলিলকে সোমবার রাতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল জলিলের ব্যক্তিগত সহকারী মো. আকরাম হোসেন সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজ রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে জলিল সাহেব ও তার স্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:49 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ আব্দুুল জলিলকে সোমবার রাতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল জলিলের ব্যক্তিগত সহকারী মো. আকরাম হোসেন সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজ রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে জলিল সাহেব ও তার স্ত্রী ঢাকা ত্যাগ করবেন। তাকে ল্যাব এইড হাসপাতাল থেকে সরাসরি এয়ারপোর্টে নেওয়া হবে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হবে। " এক প্রশ্নের উত্তরে আকরাম হোসেন জানান, আব্দুল জলিলকে শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে। আর অন্য কোনো 'লাইফ সাপোর্ট' দেওয়া হচ্ছে না। রোববার রাতে মুক্তি দেওয়ার পর জলিলকে প্রথমে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা বদলানো হয়। এ প্রসঙ্গে মুক্তির পরপর উপ-মহা কারা পরিদর্শক সাংবাদিকদের বলেছিলেন, দীর্ঘ সময় লাইফ সাপোর্ট ছাড়া থাকা সম্ভব নয় বলে 'চিকিৎসকদের পরামর্শে' রাতে বাসায় না গিয়ে হাসপাতালেই থাকবেন জলিল। রোববার রাতে শর্ত সাপেক্ষে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে রোববার রাত পৌনে ৮টায় জলিলকে মুক্তি দেওয়া হয়। পাঁচ সদস্যের একটি নতুন মেডিকেল বোর্ড রোববার বিকাল সাড়ে তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে আব্দুল জলিলকে পরীক্ষা করেন। ওই বোর্ডের পরামর্শ অনুসারেই সরকার তাকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আব্দুল জলিলকে ৩০ দিনের জন্য সাময়িকভাবে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। রোববার রাতে এক তথ্যবিবরণীতে সরকার একথা জানায়। তথ্য বিবরণী অনুযায়ী শর্তগুলো হলো: আব্দুল জলিল চিকিৎসার জন্য বিদেশে গেলে তিন দিন পর পর সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসকে তার স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে। এই সময়ের মধ্যে তিনি কোনো রাজনৈতিক, ব্যবসায়িক বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না। স্বাস্থ্যগত বিষয় ছাড়া অন্য কোনো কারণে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। চিকিৎসা শেষ হওয়ামাত্র সরকারকে তা জানাতে হবে এবং দেশে ফিরতে হবে। চিকিৎসার জন্য অন্য কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে ওই দেশ ছাড়া অন্য কোনো দেশে তিনি যেতে পারবেন না। তথ্যবিবরণীতে বলা হয়, এসব শর্তের যে কোনো একটি ভঙ্গ হলে সাময়িকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হবে। এছাড়া সরকার কোনো কারণ না দেখিয়েই যে কোনো সময় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে পারবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. আবুল কাসেম খন্দকারকে প্রধান করে গঠিত সর্বশেষ মেডিক্যাল বোর্ডের বাকি সদস্যরা ছিলেন- জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ, জাতীয় কিডনি ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইকেডিইউ) পরিচালক অধ্যাপক মো. শামীম আহমেদ, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কর্নেল মামুনুর রহমান এবং সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আমজাদ হোসেন ফকির। চিকিৎসার জন্য জলিলকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না সে বিষয়ে পরামর্শ নিতে সরকার রোববার দুপুরে এই মেডিক্যাল বোর্ড গঠন করে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ ব্যাপারে রোববার দুপুর ১২টায় একটি জরুরি বৈঠক ডাকেন। আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এ দুই মন্ত্র্রণালয়ের সচিবরা এতে অংশ নেন। জলিলকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে জেলকোড সংশোধন করতে হবে কি না -এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আবদুল মতিন রোববার সাংবাদিকদের বলেন, "মানবিক কারণে বিশেষ ব্যবস্থায় বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ পাঠানো হবে।" দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ইএইচবি-এএইচডি/এসকে/১১০০ঘ.