ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ এবং রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) দুই কর্মীর বিরুদ্ধে দায়ের করা নকশা জালিয়াতি মামলার রায় আগামী ৯ মার্চ দেওয়া হবে।
এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল রোববার রায়ের জন্য দিন ধার্য করেন।
গত ২৭ ফেব্র"য়ারি একই আদালত আতিকউল্লাহ খানের বিরুদ্ধে নকশা জালিয়াতির অন্য একটি মামলার রায়ের জন্য ৬ মার্চ দিন ধার্য করে।
অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ৩০ সেপ্টেম্বর মতিঝিল থানায় অতিকউল্লাহ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
এতে অভিযোগ করা হয়, আতিকউল্লাহ খান মিরপুর রোডের একটি ১০ তলা ভবন নির্মাণের জন্য ২০০০ সালের ৯ মার্চ রাজউকের কাছে আবেদন করেন। রাজউক তাকে ৬ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়। কিন্তু রাজউকের অথরাইজড অফিসার এস এম আসাদুজ্জামান ও ইমারত পরিদর্শক আব্দুল লতিফ অবৈধ সুবিধা নিয়ে ওই নথি গায়েব করে দিয়ে ১০ তলা ভবনের একটি ভুয়া নকশা তৈরি করে দেয়।
গত বছরের ১১ ডিসেম্বর কমিশনের উপ সহকারি পরিচালক মো. আবুল কাশেম তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
যৌথবাহিনী গত ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে আতিকউল্লাহ খান মাসুদকে গ্রেপ্তার করে। তবে এ মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮৪৮ ঘ.
bdnews24