২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে ইন্টারপোল: মহাসচিব

ইন্টারপোল মহাসচিব রোনাল্ড কে নোবেল বলেছেন, বন্দি বিনিময় চুক্তি থাকলে ভারত বা অন্য দেশ থেকে চিহ্নিত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তার সংস্থা সাহায্য করতে পারে। শনিবার বিকেলে ঢাকায় এসে সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারপোল মহাসচিব রোনাল্ড কে নোবেল বলেছেন, বন্দি বিনিময় চুক্তি থাকলে ভারত বা অন্য দেশ থেকে চিহ্নিত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তার সংস্থা সাহায্য করতে পারে। শনিবার বিকেলে ঢাকায় এসে সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইন্টারপোল মহাসচিব বলেন, "ইন্টারপোল পৃথিবীর সবচে বড় পুলিশি সংস্থা। ১৮৬টি দেশ আমাদের সদস্য। এক দেশের অপরাধী অন্য দেশে ধরা পড়লে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্বের প্রশ্নও এর সঙ্গে জড়িত। ইন্টারপোল এ ব্যাপারে একটি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দাঁড় করানোর চেষ্টা করছে।" বাংলাদেশের ইসলামিক গ্র"পগুলোর সঙ্গে আলকায়েদা বা আন্তর্জাতিক সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইন্টারপোল কখনও 'ইসলামি জঙ্গি' শব্দটি ব্যবহার করে না। তাদের কাছে সবাই সন্ত্রাসী। সন্ত্রাসবাদ মোকাবেলায় ইন্টারপোল বাংলাদেশ পুলিশকে কীভাবে সহযোগিতা করতে পারে- এ প্রশ্নের জবাবে নোবেল বলেন, "আমরা সন্ত্রাসবাদীদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, পাসপোর্ট নম্বর, আঙুলের ছাপ, ডিএনএ প্রোফাইল ইত্যাদি সরবরাহ করতে পারি। আমাদের কাছে ১২ হাজার সন্দেহভাজন সন্ত্রাসবাদীর তথ্য রয়েছে।" ওই ১২ হাজারের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার বিষয়ে ইন্টারপোলের বক্তব্য জানতে চাইলে সংস্থাটির মহাসচিব বলেন, "জাতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমরা কোনও কথা বলতে পারি না।" এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (প্রশাসন) নবকিশোর বিক্রম ত্রিপুরা বলেন, "আমরা এ ব্যাপারে ইন্টারপোলের কোনো সহযোগিতা চাইনি। সংস্থাটি কোনো নির্দিষ্ট মামলার তদন্তে কাজ করে না। তথ্য দিয়ে সহযোগিতা করে।" রোনাল্ড কে নোবেল বলেন, "কোনও দেশের নির্দিষ্ট ঘটনার তদন্ত ও বিচারের দায়িত্ব সেই দেশের পুলিশ ও বিচার বিভাগের। যদি কোনও অপরাধী সম্পর্কে সদস্যদেশগুলোর তথ্যের দরকার হয় তা ইন্টারপোল সরবরাহ করবে।" তিনি জানান, ইন্টারপোলে মোট ৫২টি দেশের প্রতিনিধি থাকলেও কোনো বাংলাদেশী নেই। বাংলাদেশ কতোটা ঝুঁকির মধ্যে রয়েছে- এ প্রশ্নের জবাবে রোনাল্ড কে নোবেল বলেন, "আমরা কোনও দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারি না। আমরা সব ধরনের অপরাধ প্রতিরোধের বিষয়ে সদস্য দেশগুলোকে সহযোগিতা করতে চাই।" ইন্টারপোল মহাসচিব একদিনের সফরে শনিবার বিকেল ৫টা ২০ এ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর পরপরই তিনি সিআইডি সদর দপ্তরে গিয়ে নবগঠিত 'অপরাধ তথ্য বিশ্লেষণ ইউনিট' উদ্বোধন করেন । পরে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার কার্যালয় (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো-এনসিবি) পরিদর্শন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। রোববার সকালে ঢাকা ছাড়ার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। ইন্টারপোলের কোনো প্রধান এই প্রথম বাংলাদেশ সফর করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৩২ ঘ.