নাটোর, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাড়িতে চুমকি বসানোর প্রশিক্ষণ দেওয়াসহ কর্মসংস্থানমূলক আরও কাজের কথা বলে নাটোর ও পাশের কয়েকটি জেলার দেড় লাখের বেশি মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে বৃহস্পতিবার রাতে পালিয়েছে 'ফ্রিডম উন্নয়ন সংস্থা' নামে একটি বেসরকারি সংগঠনের মালিক। গা-ঢাকা দিয়েছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরাও।
প্রতারিত সদস্যরা শুক্রবার দিনভর নাটোর সদর উপজেলার নশরতপুর গ্রামে সংগঠনের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও শাখা কার্যালয়গুলোতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আশপাশের জেলা থেকে কয়েক হাজার সদস্য সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।
এ ঘটনায় ফ্রিডম উন্নয়ন সংস্থার উপদেষ্টা স্থানীয় ধমনপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম, শাখা ব্যবস্থাপক ফেরদৌসি, রইস উদ্দিন ও আনছার আলীকে পুলিশ আটক করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। তাদের নলডাঙ্গা থানা হাজতে রাখা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক এস এম এহসান কবীর বলেছেন, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের জন্য প্রশাসন সম্ভব সব কিছু করবে।
সংগঠনটি নাটোর, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাটে কার্যক্রম পরিচালনা করত। এর মালিক ইসহাক আলীর পালিয়ে যাওয়ার খবর জানাজানি হওয়ার পর সংগঠনের নাটোর, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাটের দুই হাজারের বেশি বন্ধ হয়ে গেছে। প্রতিটি কার্যালয়ে সারাদিন অপেক্ষা করেও স্থানীয় সদস্যরা কোন কর্মকর্তা কর্মচারীর সন্ধান পায়নি।
প্রতিটি শাখা কার্যালয়ের অধীন গড়ে ৬০ জন করে সদস্য রয়েছে। শাড়িতে চুমকি বসানোর প্রশিক্ষণ নিতে ইচ্ছুক সদস্যদের প্রত্যেকের কাছ থেকে জামানত বাবদ নেওয়া হয় ৩২'শ টাকা। এ বাবদ কয়েক কোটি টাকা সংগঠনটি হাতিয়ে নিয়েছে মনে করা হচ্ছে।
নাটোরে সংগঠনটির প্রায় আট'শ শাখা গড়ে ওঠে। তাদের কার্যক্রমের ব্যাপারে অনেক আগে থেকে গণমাধ্যম কর্মীরা সতর্ক করলেও স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।
শুক্রবার সকালে সংগঠনের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায়, এর একাংশে বিক্ষুব্ধ সদস্যরা অগ্নিসংযোগ করেছে। কার্যালয়ের সমস্ত জিনিসপত্র লুট হয়ে গেছে। ভাঙচুর করা হয়েছে জানলা-দরজা।
নাটোর সদর উপজেলার মাধনগর গ্রামের ক্ষতিগ্রস্ত সদস্য ফেরদৌসি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টায় সংগঠনের মালিক ইসহাক আলী মটরসাইকেলে নশরতপুর গ্রাম ছেড়ে চলে যান। তারা ভেবেছিলেন, কোন কাজে হয়ত তিনি কোথাও যাচ্ছেন। কিন্তু সকালে তারা দেখতে পান, কার্যালয়ের কম্পিউটারসহ মূল্যবান আসবাবপত্র নেই। বেলা বাড়লেও কোন কর্মকর্তা কর্মচারী কার্যালয়ে আসেননি। মোবাইল ফোনেও তার (ইসহাক আলী) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইসহাক আলীর পালানোর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ক্ষতিগ্রস্ত সদস্য প্রধান কার্যালয়ে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। কার্যালয়ের পাশে নির্মানাধীন সংগঠনের টেক্সটাইল কারখানাতেও হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালানো হয়। কারখানার চালার টিনও খুলে নেওয়া হয়।
তবে সংগঠনের গরুর খামারটিতে ২৬টি গরু এখনও রয়েছে। বিকেল পর্যন্ত কয়েক'শ নারী সদস্য ওই খামারটি ঘিরে রাখে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের জেলার সদস্যরাও নশরতপুর গ্রামে জড়ো হয়।
দুপুরে জেলা প্রশাসক এস এম এহসান কবীর ও পুলিশ সুপার গোলাম মাহমুদ ঘটনাস্থলে যান। বিক্ষুব্ধ সদস্যরা তাদের ঘিরে ধরেন এবং টাকা উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা সংগঠনের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
নওগাঁর রাণিনগর উপজেলার আবদানপুর গ্রামের জুয়েল হোসেন জানান, তিনি প্রতি সপ্তাহে ১৫ হাজার টাকা বেতনের আশায় দুই মাস আগে শেষ সম্বল এক বিঘা জমি বিক্রি করে ফ্রিডম উন্নয়ন সংগঠনের মালিক ইসহাক আলীকে নগদ এক লাখ ৬০ হাজার টাকা দিয়েছেন। এ পর্যন্ত মাত্র ৪৫ হাজার টাকা বেতন পেয়েছেন। বাকী টাকা ফেরত না পেলে তার সংসার চলবে না।
চকভবানিপুর গ্রামের জহুরা বেগম জানান, তিনি ও তার ভাসুরের ছেলে ছালাম আট সপ্তাহ আগে এই সংগঠনে এক লাখ টাকা জমা দিয়েছেন। তাদের চুমকি বসানোর প্রশিক্ষণ দেওয়া হয়নি। তবে ৮ সপ্তাহের বেতন পেয়েছেন। মূল টাকা ফেরত না পেলে তার স্বামী বাড়ি থেকে তাকে বের করে দিবেন বলে তিনি জানান।
আরও কয়েকজন মহিলার সঙ্গে গরুর খামার ঘিরে রেখেছিলেন বাসুদেবপুর স্টেশন এলাকার বাসিন্দা জামেলা বেগম। তিনি জানান, কুলির কাজ করে স্বামীর জমানো ৪৭ হাজার টাকা তিনি ফ্রিডমে জমা রেখেছেন। এই টাকা ফেরত না পেলে তিনি গরুর খামার ছেড়ে যাবেন না। প্রয়োজনে তিনি গরু নিয়ে ক্ষতি পোষাতে চান।
তার মত কয়েক'শ সদস্য তাদের পাওনা বাবদ গরু নিয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু পুলিশের প্রহরা থাকায় তারা নিতে পারছিলেন না।
রাজশাহীর চারঘাট পৌরসভার সাবেক কমিশনার রহিমা খাতুন জানান, তিনি একটি পত্রিকায় এই সংগঠন নিয়ে প্রকাশিত একটি খবর পড়ার পর সদস্য হতে অনীহা দেখান। পরে একটি টেলিভিশনের নাটোর প্রতিনিধির পরামর্শে তিন লাখ টাকা দিয়ে সদস্য হয়েছেন তিনি।
রহিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "এ টাকা ফেরত না পেলে আমি পথে বসব।"
নাটোর সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ২০০৬ সালের ডিসেম্বরে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে নিবন্ধন নিয়ে ফ্রিডম উন্নয়ন সংস্থা কাজ শুরু করে। তারা জামানতের বিপরীতে প্রত্যেক সদস্যকে সপ্তাহে ৩৬০ টাকা করে বেতন দেওয়ার পদ্ধতি চালু করে। এত অল্প টাকার বিনিময়ে এত বেশি বেতন পাওয়ার আশায় লাখ লাখ মানুষ অল্প সময়ের মধ্যে সংগঠনের সদস্য পদ নেয়।
৩০-৩২ বছর বয়সী ইসহাক ওই বছর অক্টোবরে নশরতপুরে গ্রামে আসেন। গ্রামে তার দূর সম্পর্কীয় কয়েকজন আত্মীয় থাকার সুবাদে এখানে তিনি আস্তানা গাড়েন বলে স্থানীয়রা জানান।
নাটোর জেলা প্রেসক্লাবের সভাপতি মাহ্ফুজুল আলম মুনি বলেন, "স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা শুরু করায় গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসনকে সংগঠনটি বন্ধ করে সদস্যদের জামানত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে পরামর্শ দেন। কিন্তু জেলা প্রশাসক সংগঠনটি বন্ধ না করে বরং তাদের সমর্থন করেন এবং নতুন সদস্য ভর্তি না করে কাজ চালু রাখার অনুমোদন দেন।"
মুনি অভিযোগ করেন, "প্রশাসনের অবহেলার কারণে লক্ষাধিক মানুষ এখন পথে বসতে যাচ্ছে। ফ্রিডমের মালিক ইসহাক আলী কুমিল্লার বাসিন্দা। নবম শ্রেণী পাশ একজন প্রতারক প্রকৃতির লোক তিনি। তাকে ধরা মুশকিল হবে।"
জেলা প্রশাসক এস এম এহসান কবীর বলেন, "আপনাদের মতো আমিও ফ্রিডম উন্নয়ন সংস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু সরকারের কোন সংস্থা তাদের কার্যকলাপ খারাপ বলে প্রতিবেদন দেয়নি। তাই সংগঠনটি বন্ধ করে ঝুঁকি নিতে চাইনি। পুলিশও আমাকে বন্ধ করার ব্যাপারে কোন পরামর্শ দেয়নি।"
তিনি জানান, মূল হোতা ইসহাক আলীকে দেশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের জন্য প্রশাসন সম্ভব সব কিছু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24