গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যের কাছ থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের গম কিনে পাচারের অভিযোগে বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া উপজেলার পারকোনা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাকসহ ৮২ বস্তা গম আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাল ব্যবসায়ী জাকির হোসেন (৫০), নূর ইসলাম (২৩) ও ট্রাক চালক জালাল হোসেন (৪০)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোনেম বলেন, "জাকির হোসেন ও নূর ইসলাম কয়েকজন ইউপি সদস্যের কাছ থেকে কাবিখা'র এ গমগুলো কিনে পাচারের উদ্দেশ্যে পারকোনা এলাকায় ট্রাক ভর্তি করছিলেন। গোপনে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।"
তিনি জানান, শুয়াগ্রাম ইউপি সদস্য ভজন চন্দ্র, হিরণ ইউপি সদস্য ইব্রাহীম ফকির, কলাবাড়ি ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং কুশলা ইউপি সদস্য আব্দুল আলী শেখ কাবিখা প্রকল্পের গম উত্তোলন করে কালোবাজারে এদের কাছে বিক্রি করেন।
আটক ট্রাক ও ৮২ বস্তা গম কোটালীপাড়া থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24