ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযোদ্ধা ও দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমানের কুলখানি শুক্রবার তার বাসায় অনুষ্ঠিত হয়।
বিকেলে বড় মগবাজারের রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বজলুর রহমানের কুলখানিতে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এম শওকত আলী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলী সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির নেতা মোস্তফা জামাল হায়দার, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আবুল মাল আবদুল মুহিত, আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, কাশেম হুমায়ুন, শামীম কবিরসহ আত্মীয় স্বজনরা উপস্থিতি ছিলেন।
কুলখানিতে আসা অতিথিরা মরহুমের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীকে সান্ত্বনা জানান।
বজলুর রহমানের গ্রামের বাড়ি শেরপুরের নকলা থানার বিভিন্ন মসজিদেও এদিন মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শনিবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বজলুর রহমান স্মরণ সভার আয়োজন করবে দৈনিক সংবাদ। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শোকসভা করবে ৩ মার্চ বিকেল ৩টায়।
বজলুর রহমান গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/জেকে/এমএইচবি/১৯১০
bdnews24