চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং সম্পত্তির উৎসের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত বিএনপিদলীয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম ও তার স্ত্রী নাজনীন নিজামের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম নগরীর খুলশী থানায় মামলাটি করেন।
খুলশী থানার উপ-পরিদর্শক হারুনর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি প্রতিরোধ আইনের ২৬(২) ও ২৭(১)এবং দণ্ডবিধির ১০৯ ধারায় সরওয়ার জামাল নিজাম ও তার স্ত্রীর নাজনীনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম ও তার স্ত্রী নাজনীন নিজাম কমিশনে চার কোটি ৭০ লাখ ২৫ হাজার ২১৮ টাকার সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন। কমিশনের অনুসন্ধানে তাদের দুই কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৪৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির তথ্য পাওয়া গেছে। এ সব সম্পত্তি অর্জনের উৎসও জানা যায়নি।
গত বছরের ২২ জুন চট্টগ্রাম ক্লাবের সামনে থেকে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার হন সরওয়ার জামাল নিজাম। একই বছরের ৯ সেপ্টেম্বর তাকে সম্পত্তির হিসাব বিবরণী জমা দিতে বলা হয়। সে অনুযায়ী ২ অক্টোবর চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে দুদক সচিব বরাবরে তিনি ও তার স্ত্রীর সম্পত্তির হিসাব জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24