চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের টাকা নেওয়ার সময় বৃহস্পতিবার হাতেনাতে ধরা পড়লেন চট্টগ্রামের বিএসটিআই কার্যালয়ের পরিদর্শক কামরুজ্জামান।
নগরীর আগ্রাবাদে বিএসটিআই এর আঞ্চলিক অফিসে স্বপন দাশ নামে এক দাঁিড়পাল্লা ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল তাকে আটক করে। কারখানার পণ্যের মান নিয়ন্ত্রণ সনদের জন্য স্বপনের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন কামরুজ্জামান।
দুর্নীতি দমন কমিশনের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাক্তাই এলাকার থ্রি স্টার উমাচরণ কর্মকার নামে দাঁড়িপাল্লা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক স্বপন দাশ কয়েকদিন আগে পাল্লার মান সনদের জন্য বিএসটিআই কার্যালয়ে যান। নিয়ম অনুযায়ী আড়াই হাজার টাকা ফি আদায়ের কথা থাকলেও তার কাছ থেকে ৩শ টাকা বাড়তি আদায় করা হয়। পরে নানা অজুহাতে কামরুজ্জামান তার কাছ থেকে আরও ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী স্বপন দাশ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এসে ঘুষ দাবি ও হয়রানির ব্যাপারে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বিএসটিআই কর্মকর্তাকে ঘুষ হিসেবে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকার বান্ডিলের পাঁচশ টাকার নোটের নন্বরগুলো লিখে রাখা হয়। পরে স্বপন ওই টাকা কামরুজ্জামানকে দেওয়ার ঠিক পরপরই তাকে টাকাসহ গ্রেপ্তার করা হয়।
মেজর জুলফিকার জানান, মাত্র নয়মাস আগে কামরুজ্জামান পরিদর্শক হিসেবে বিএসটিআইয়ে যোগ দেন।
তিনি জানন, ঘটনার সঙ্গে অপর পরিদর্শক মোন্নাফ সরকারের কিছুটা যোগসাজশ থাকলেও তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। তবে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
দুদক পরিচালক জানান, কামরুজ্জামানকে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কমিশনের উপ-পরিচালক আবু মো. আরেফ সিদ্দিকী একটি মামলা করেছেন।
ব্যবসায়ী স্বপন দাশ জানান, প্রতিমাসে প্রস্তুতকৃত দাঁড়িপাল্লার কাটা সিল করার জন্য আড়াই হাজার টাকা ফি দিতে হয়। কারখানা পাঁচমাস বন্ধ থাকায় তিনি বিএসটিআইয়ের উপ-পরিচালকের কাছে আবেদন করায় ওই পাঁচ মাসের ফি মওকুফ করা হয়। তারপরও কামরুজ্জামান তার কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করায় তিনি দুর্নীতি দমন কমিশনে বিষয়টি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24