ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলায় বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান অভিযোগ দুটি গঠন করেন। প্রথম মামলায় আগামী ৩ মার্চ ও দ্বিতীয় মামলায় ৬ মার্চ সাক্ষ্য নেওয়া শুরুর দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ১৪ আগস্ট কমিশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা ঘুষ নেওয়ার অভিযোগে তৈমুরের বিরুদ্ধে পল্টন থানায় দুর্নীতি সংক্রান্ত অভিযোগে চারটি মামলা করেন। তার মধ্যে দুটির অভিযোগ গঠন করা হল।
অভিযোগ গঠন করা একটি মামলায় এজাহারে বলা হয়, তৈমুর আলম বিআরটিসির চেয়ারম্যান থাকা অবস্থায় বাস কেনার জন্য প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ঢাকার মেসার্স এসআর ট্রাক্টরস ২০০৪ সালে প্রগতির স্থানীয় এজেন্ট হিসেবে টাটার ৭৩টি বাস তৈরি করে। কিন্তু তৈমুর ওই গাড়িগুলো বুঝে না নিয়ে এসআর ট্রাক্টরস এর মালিক শামসুল হুদার কাছে ২২ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তার প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত করার হুমকি দেওয়া হয়।
শামসুল হুদা বাধ্য হয়ে বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের ১২টি পে-অর্ডারের মাধ্যমে তৈমুর আলমকে ২২ লাখ ৫০ হাজার টাকা দেন।
দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, এসআর ট্রাক্টরস প্রগতির স্থানীয় এজেন্ট হিসেবে ২০০৫ সালে বিভিন্ন মডেলের ১৩৫টি বাস ও ট্রাক বিআরটিসিকে সরবরাহ করার জন্য তৈরি করে। কিন্তু তৈমুর আলম ওই গাড়িগুলো বুঝে না নিয়ে শামসুল হুদার কাছে ১৬ লাখ টাকা ঘুষ দাবি করেন।
হুমকির মুখে শামসুল হুদা জনতা ব্যাংকের ১১টি পে-অর্ডারের মাধ্যমে ১৬ লাখ টাকাই ঘুষ দেন।
তৈমুর আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০১৪ ঘ.
bdnews24