২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশন নির্বাচনের জন্য জরুরি অবস্থা শিথিল হবে: আইন উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জরুরি অবস্থা তুলে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সিটি করপোরেশন নির্বাচনের আগে জরুরি অবস্থা শিথিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জরুরি অবস্থা তুলে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সিটি করপোরেশন নির্বাচনের আগে জরুরি অবস্থা শিথিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে নির্বাচনী প্রচার চালানোর জন্য জরুরি ক্ষমতার সংশ্লিষ্ট ধারাগুলো শিথিল করা হবে। জাতীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, "জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জরুরি অবস্থা তুলে নিতে হবে। এ ব্যাপারে আলোচনা হচ্ছে।" অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হাসান আরিফ বলেন, "এ আইনে অনেক কিছুই আছে যেগুলোর সংশোধনী প্রয়োজন। আইনটি কার্যকর করার জন্যই এতে সংশোধনী আনা হবে।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আদালত অবমাননা আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। এই সংশোধন করতে গিয়ে যেন আবার আদালত অবমাননা না হয়ে যায় সেদিকেও সরকার খেয়াল রাখছে।" অনেক সময়ই আইনটির অপব্যবহার হয়েছে বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তবে আমলাদের চাপের কারণে আইনটি সংশোধন করা হচ্ছে- এমন অভিযোগ নাকচ করে দিয়ে হাসান আরিফ বলেন, "কারো চাপে এটা করা হচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/১৮১৭ ঘ.