২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি পোড়ানোর আরও তিন মামলায় সাবেক উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে অভিযোগপত্র

নাটোরের নলডাঙ্গায় বাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার আত্মীয় ও বিএনপি কর্মীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

নাটোর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের নলডাঙ্গায় বাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার আত্মীয় ও বিএনপি কর্মীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বুধবার নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আলীম হোসেন। তিনটি মামলায় মোট ছয়টি অভিযোগপত্র দাখিল করেছেন তিনি। প্রতিটি মামলায় বাড়ি পোড়ানো ও বিস্ফোরক ব্যবহারের ঘটনায় দুটি করে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আলীম হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। নলডাঙ্গা থানার রামশাকাজিপুর গ্রামের ফয়েজ উদ্দিন শাহর দায়ের করা মামলায় দুলু, তার ভাতিজা ডলার এবং ডালিম, কুদ্দুস, রেন্টু তালুকদারসহ ১৯ বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। একই গ্রামের আব্দুল মমিন শাহর স্ত্রী আসমা আক্তার রুবীর দায়ের করা মামলায় অভিযুক্ত করা হয়েছে দুলুসহ ২১ জনকে। ওই গ্রামেরই জাহেরুল ইসলামের স্ত্রী সফুরা খাতুনের দায়ের করা মামলার দুলুসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে মোট ২৫ জনের বিরুদ্ধেই তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাগুলোতে অভিযোগ করা হয়, ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মেদ গামা আততায়ীর হাতে খুন হলে ওই রাতে দুলু নিজে উপস্থিত থেকে অন্যান্য আসামিদের নিয়ে রামশাকাজিপুর গ্রামে হামলা চালিয়ে বিস্ফোরক ব্যবহার করে বিভিন্ন বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। একটি মামলার বাদি আসমা আক্তার সাংবাদিকদের জানান, ঘটনার সময় তারা মামলা করলে তৎকালীন উপমন্ত্রী দুলুর নির্দেশে পুলিশ প্রতিটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওইসব মামলা পুনঃতদন্তের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে। মামলাগুলোর তদন্ত কর্মকর্তা আলীম হোসেন বলেন, প্রথম তদন্তের সময় আসামিদের ক্ষমতার দাপটে সাক্ষীরা পুলিশের কাছে সাক্ষ্য দিতে সাহস পায়নি। পুনঃতদন্তের সময় সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। আসামিদের মধ্যে দুলুসহ ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন। রামশাকাজিপুরের বাড়ি পোড়ানোর একাধিক মামলায় তারা ৮ থেকে ১৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ওই ঘটনায় মোট ১৪টি মামলা হয়েছিল। প্রসঙ্গত, দুলুর বিরুদ্ধে এ সব মামলার বাদির আত্মীয়-স্বজনরাও গামা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩২ ঘ.