কুমিল্লা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ায় বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথে চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে লাইনচ্যুত হয়ে পড়ে বলে জানান কুমিল্লার সহকারী স্টেশন মাস্টার শফিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকাল সোয়া তিনটার দিকে মালবাহী ট্রেনটি লাইনে তোলে।
সাড়ে ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল পুনরায় শুরু হয়।
এদিকে লেভেল ক্রসিংয়ে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরাসরি গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় ঢাকা ও চট্টগ্রামমুখী গাড়িগুলো কুমিল্লা শহর হয়ে চলার কারণে শহরে দুপুরে ব্যাপক যানজট দেখা দেয়।
তবে সাড়ে ৩টা থেকে মহাসড়কে চলাচল পুনরায় শুরু হলে যানজট কমে আসতে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৩ ঘ.
bdnews24