২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বিশেষ ব্যবস্থা রাখতে হবে: ফখরুদ্দীন

তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রতিবন্ধিত্বের জন্য দারিদ্র্যকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এজন্য জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী জনগণের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রতিবন্ধিত্বের জন্য দারিদ্র্যকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এজন্য জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী জনগণের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন তিনি। বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'দ্য এশিয়া প্যাসিফিক ডিজঅ্যাবিলিটি ফোরাম' এর তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "এটা সর্বত্র স্বীকৃত যে, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রতিবন্ধিত্বের পেছনে প্রধান ভূমিকা রাখে দারিদ্র্য। এজন্য জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন।" এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য 'প্রতিবন্ধিত্ব ও উন্নয়ন- প্রায়োগিক কৌশল'। ২৭ দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, "সারাবিশ্বে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ছয় কোটি। এদের মধ্যে দুই তৃতীয়াংশই বাস করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। প্রতিবন্ধী জনগণের অধিকার সংরক্ষণ বর্তমানে যে কোনো রাষ্ট্রের জন্যই একটি চ্যালেঞ্জ ও একইসঙ্গে দায়িত্বে পরিণত হয়েছে।" ফখরুদ্দীন আহমদ বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর খুব অল্প সময়ের মধ্যে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ স্বাক্ষর ও অনুমোদন করেছে। এ চুক্তি অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম, সার্কে দ্বিতীয়, কমনওয়েলথে তৃতীয় ও জাতিসংঘে অষ্টম সদস্য রাষ্ট্র। বর্তমান সরকার সবার মানবাধিকার রক্ষার মাধ্যমে বাধামুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য অনেক উন্নয়ন হয়েছে- তাতে সন্দেহ নেই। তবে অগ্রাধিকারভিত্তেতে আরো অনেক কিছু করতে হবে। এর মধ্যে রয়েছে প্রতিবন্ধীদের জন্য জন্য সরকারের কার্যপ্রণালীবিধি পূনর্মূল্যায়ন এবং তাদের অধিকারের বিষয়ে জাতিসংঘ সনদের আলোকে 'প্রতিবন্ধী কল্যাণ আইন' সংশোধন।" এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরুর জন্য তিনি আইন বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, উন্নয়ন কর্মীদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসএনডি/জিএনএ/১৭৪৫ ঘ.