রাঙামাটি, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলায় দেওয়ানি, ফৌজদারি এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালত স্থাপনে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে রাঙামাটি জেলা আইনজীবী সমিতি। এই নির্দেশ দ্রুত কার্যকর হবে বলে আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।
সোমবার জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট প্রতিম রায় হাইকোর্টের এই নির্দেশকে যুগোপযোগী উল্লেখ করে বলেন, "আশা করি অবিলম্বে তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ চালুর ব্যাপারে হাইকোর্টের এই নির্দেশ আইন মন্ত্রণালয় সম্মান জানাবে।
তিনি আরও বলেন, "স্বাধীনতার ৩৬ বছর পর পার্বত্যবাসী তাদের যে মৌলিক ও মানবাধিকার এবং বিশেষ করে জেলা ও দায়রা জজ আদালত স্থাপনসহ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। আশা করি তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের মাধ্যমে বিচার পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীভূত হবে।"
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুস্মিতা চাকমা বলেন, "বিচার বিভাগ পৃথক করার ফলে তিন পার্বত্য জেলাবাসী আইনি সুফল পাবে বলে আশা করি। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমনে আদালত হলে পার্বত্য এলাকায় নির্যাযিত নারীরা উপকৃত হবে।"
ব্লাষ্টের সমন্বয়কারী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আইন উপদেষ্টা অ্যাভোকেট জুয়েল দেওয়ান বলেন, "আশা করি এর মাধ্যমে পার্বত্যবাসীর সাংবিধানিক ও আইনি আশ্রয় প্রতিষ্ঠা হবে।"
তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের আগে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে পরামর্শ করা হবে বলে তিনি আশা করেন।
প্রবীণ আইনজীবি পরিতোষ কুমার দত্ত বলেন, "হাইকোট তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালত স্থাপনে যে রায় দিয়েছে সেজন্য আমরা অত্যন্ত খুশি।"
অ্যাভোকেট মিহির বরণ চাকমা বলেন, "তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের জন্য পার্বত্যবাসী দীর্ঘ দিন দাবি জানিয়ে আসছিল। এ রায়ের মাধ্যমে তিন পার্বত্য জেলায় জেলা ও দায়রা জজ আদালত চালু হলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ প্রকৃত ন্যায় বিচারের অধিকার পাবেন।"
রোববার তিন পার্বত্য জেলায় দ্রুত দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি আবদুল আউয়ালের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
হাইকোর্টের আদেশে আইন সচিব, সংস্থাপন সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে দ্রুত (এক বছরের বেশি নয়) তিন জেলায় আদালত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে।
প্রতিকার চাকমা, নিকিল মিত্র চাকমা ও রজনীকান্ত তনচংগ্যা নামে তিন পাহাড়ি ও ব্লাস্ট ২০০৬ সালে রিটটি দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেয়।
বর্তমানে পার্বত্য জেলাগুলোতে দেওয়ানি মামলা পরিচালনা করেন জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি। আর ফৌজদারি মামলার জন্য তিন পার্বত্য জেলার মানুষকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে যেতে হয়। বিভাগীয় কমিশনার কিংবা তার প্রতিনিধি দায়রা জজ হিসেবে এসব মামলা পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24