২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চাল রপ্তানির অনুমতি দিতে মইনের অনুরোধ

সরকারিভাবে পাঁচলাখ টনের বাইরে বাংলাদেশের ব্যবসায়ীদের চাল আমদানির সুযোগ দিতে ভারতের প্রতি অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। সোমবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ জানান। নয়াদিল্লী থেকে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, "পররাষ্ট্রমন্ত্রী (প্রণব) নিশ্চিত করেছেন, এ অনুরোধ ভারত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।" প্রণব মুখার্জির সঙ্গে মইনের সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারিভাবে পাঁচলাখ টনের বাইরে বাংলাদেশের ব্যবসায়ীদের চাল আমদানির সুযোগ দিতে ভারতের প্রতি অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। সোমবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ জানান। নয়াদিল্লী থেকে বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, "পররাষ্ট্রমন্ত্রী (প্রণব) নিশ্চিত করেছেন, এ অনুরোধ ভারত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।" প্রণব মুখার্জির সঙ্গে মইনের সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। প্রণব মুখার্জিকে সরকারিভাবে বাংলাদেশে রপ্তানির জন্য অনুমোদিত পাঁচ লাখ টন চাল দ্রুত ছাড় করারও অনুরোধ জানান মইন উ আহমেদ। হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, পাঁচ লাখ টনের মধ্যে প্রথম ধাপে ৫০ হাজার টন চাল ছাড়ের জন্য ইতোমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বাকি চাল ছাড় করার প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে। এক সপ্তাহের সফরের অংশ হিসেবে সেনাপ্রধান সোমবার নয়াদিল্লী অবস্থান করছিলেন। সেনাপ্রধান সোমবার ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশের সঙ্গেও বৈঠক করেন। তারা দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। উন্নয়ন সংশ্লিষ্ট এবং বাণিজ্য সহায়ক বিনিয়োগের বিষয়েও তারা কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে মইনকে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে শুল্কমুক্ত ৮০ লাখ পিস তৈরি-পোশাক রপ্তানির ব্যাপারে শিগগিরই চূড়ান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। মইনের এ সফরের ফলে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে। সোমবার সকালে নতুন দিল্লীর সাউথ ব্লকে বাংলাদেশের সেনাপ্রধানকে গার্ড অফ অনার দেওয়া হয়। ওই সময় ভারতের সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ছয়টি ঘোড়া উপহার দেয়। জেনারেল মইন উ আহমেদ ভারতের সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরের কাছ থেকে উপহার গ্রহণ করেন। জেনারেল মইন উ আহমেদ বলেন, এ উপহার ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। উপহার হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সুধীর শর্মা এবং রিমাউন্ট ভেটেরিনারি সার্ভিসেসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল এন মোহান্তি উপস্থিত ছিলেন বলে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপহার হিসেবে পাওয়া দুটি স্টালিয়ন ও চারটি মাদি ঘোড়া বংশবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে উন্নতমানের ঘোড়া সংযোজন করা সম্ভব হবে। এই ঘোড়াগুলো জন্মেছে হাইসার এবং বাবুগড়ে ভারতীয় সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি কোরের ইকুইন ব্রিডিং স্টাড্স-এ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর তত্ত্ববধানে ঘোড়াগুলো সড়ক পথে বেনাপোলের হরিদাশপুর সীমান্তে এনে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পিআইবি জানায়, "সফররত অতিথিকে অমর জোয়ান জ্যোতি ফটকে গার্ড অব অনার এবং পুষ্পমাল্য প্রদানের পর উপহার দেওয়া হয়।" কাপুরকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানায়, "বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমাদের সঙ্গে তাদের দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান। তাই এটি হচ্ছে দুই দেশের বন্ধুত্বের প্রতীক মাত্র।" ভারতের সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, ভারত সফরকালে দুই সেনাপ্রধানের বৈঠকে দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের বিষয় স্থান পাবে। এছাড়া জঙ্গি দমনে যৌথ অভিযান পরিচালনার সম্ভাব্যতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। মইন ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করে দুদেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে আছে প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, বন্যা ও সুনামির আগাম তথ্য বিনিময় এবং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে দুদেশের সেনা প্রেরণ। তারা এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন। বাংলাদেশ হাইকমিশন জানায়, আলোচনায় দুদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোয় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ফালি হোমি মেজর এবং নৌবাহিনীর উপপ্রধান ভাইস এডমিরাল নির্মল ভার্মার সঙ্গেও জেনারেল মইন সাক্ষাৎ করেছেন। মইন দেরাদুনে ভারতের মিলিটারি একাডেমিসহ বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন। ভারতের উদ্দেশে জেনারেল মইন রোববার ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী নাজনীন মইন এবং সামরিক বাহিনীর চার কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এডি/ডিডি/এমএইচবি/২৩৪০ ঘ.