ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাসক্ষেত্রে লিকেজের কারণে নলকুপ দিয়ে বের হওয়া গ্যাসে আগুন ধরে সোমবার মিজান (৭) নামে এক শিশু দগ্ধ হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিজান সদর উপজেলার আনন্দপুর গ্রামের রজব আলীর ছেলে। সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, গ্যাসক্ষেত্র কর্তৃপক্ষ ও যৌথ বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রজব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাসের চাপে বাড়ির পাশের একটি নলকুপ দিয়ে অবিরাম পানি ও গ্যাস বের হচ্ছে। সোমবার দিয়াশলাই নিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করতে করতে নলকূপ দিয়ে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে দিলে মিজান দগ্ধ হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর মোহাম্মদ মজুমদার বলেন, "শিশুদের অসতর্কতার জন্যে এ ঘটনা ঘটেছে। আমরা গ্রামবাসীকে আগুন থেকে সাবধান থাকতে পরামর্শ দিয়েছি।"
তিনি জানান, যারা পাইপ বা নল ব্যবহার করে মাটির চুলায় গ্যাস দিয়ে রান্না করছিলেন তাদের চুলা ভেঙ্গে দেওয়া হয়েছে।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক মুন্সী বলেন, "যৌথ বাহিনী মাটির চুলায় অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আমি ১/২ দিনের মধ্যে সব চুলা ভেঙ্গে দেব।"
তিতাসের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশে গ্যাস ফিল্ডস লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির কবীর গ্যাস উদগিরণ আগের চেয়ে কমেছে দাবি করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গ্রামবাসীকে এ ব্যাপারে সচেতন করতে প্রচারণা শুরু করেছি। এ ছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ করতে গ্রামে কোম্পানির নিজস্ব নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হয়েছে।"
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম সোমবার জানিয়েছেন গ্যাস উদগিরণ বন্ধ করতে তিতাস গ্যাস ক্ষেত্রের সবগুলো কূপ পরীক্ষা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24