চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী রেলওয়ে কর্মচারি কলোনির পিছনে রোববার রাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ জামাল (১৮) নামে এক যুবক। ঘটনার পর স্থানীয় লোকজন সারওয়ার হোসেন সোহাগ (১৯) নামে একজনকে আটক করে পুলিশে দেয়। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিহত জামাল ৬৩৭ মতিঝর্ণা মাছ বাজার এলাকার প্রয়াত আবুল মিয়ার ছেলে।
খুলশী থানার উপ-পরিদর্শক আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১১ টার দিকে জামালকে বাসা থেকে ডেকে পাহাড়তলীর রেলওয়ে কর্মচারি কলোনির পিছনে নিয়ে যান সোহাগ। ঘটনাস্থলে সোহাগের আরও কয়েক বন্ধু উপস্থিত ছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জামালকে ছুরিকাঘাত করেন সোহেল। স্থানীয় লোকজন সোহাগকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে।
তিনি জানান, খুলসী থানায় একটি হত্যা মামলা হয়েছে। সোহাগ ও জামালের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। গ্রেপ্তারকৃত সোহাগকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24