নতুন দিল্লি, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
ছয়দিনের সফরে সেনাপ্রধান বর্তমানে ভারত রয়েছেন।
সোমবার সকালে নতুন দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের সেনাপ্রধানকে গার্ড অফ অনার দেওয়া হয়। ওই সময় ভারতের সেনাবাহিনী বন্ধুত্বের নিদর্শন হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ছয়টি ঘোড়া উপহার দেয়। জেনারেল মইন উ আহমেদ ভারতের সেনাপ্রধান জেনারেল দীপক কাপুরের কাছ থেকে উপহার গ্রহণ করেন।
জেনারেল মইন উ আহমেদ বলেন, এ উপহার ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।
জেনারেল দীপক কাপুর বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দীর্ঘকালের বন্ধুত্বের নিদর্শন হিসাবেই এ উপহার দেওয়া হয়েছে।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে মোট ছয়টি ঘোড়া উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি স্টালিয়ন ও চারটি মেয়ার।
প্রতিটি স্ট্যালিয়নের দাম এক কোটি টাকা। এদের একটির নাম "আরজু' এবং অপরটির নাম 'বলীয়ন্ত'।
ভারতের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নারায়ণ মোহন্ত জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ঘোড়াগুলোর ক্রীড়া দক্ষতার উন্নয়নে উপহার হিসেবে বিশেষভাবে এ ছয়টি ঘোড়া নির্বাচিত করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘোড়াগুলো সড়ক পথে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে পাঠানো হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফররত বাংলাদেশের সেনাপ্রধান দেরাদুনে ভারতের মিলিটারি একাডেমিসহ বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
ভারতের সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএনআই জানায়, ভারত সফরকালে দুই সেনাপ্রধানের বৈঠকে দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানের বিষয় স্থান পাবে। এছাড়া জঙ্গি দমনে যৌথ অভিযান পরিচালনার সম্ভাব্যতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, সফরকালে জেনারেল মইন উ আহমেদ ভারতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ও প্রতিরক্ষামন্ত্রী একে আন্তনির সঙ্গে জেনারেল মইন সৌজন্য সাক্ষাৎ করবেন বলে পিটিআই জানায়।
এছাড়া ভারতের নৌপ্রধান সুরেশ মেহতা ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ফালি হোমি মেজরের সঙ্গেও জেনারেল মইনের বৈঠকের কথা রয়েছে।
ভারতের উদ্দেশে জেনারেল মইন রোববার ঢাকা ছাড়েন। সেনাপ্রধানের সঙ্গে রয়েছেন স্ত্রী নাজনীন মইন এবং সামরিক বাহিনীর চার কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এমআই/এমএ/১৭১৩ ঘ.
bdnews24