ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রথম পর্বের কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে।
ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন করে সোমবার এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
সকালে রাজধানীর সেগুনবাগিচায় ইনস্টিটিউটের নির্মাণ কাজ ঘুরে দেখেন উপদেষ্টা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। এ বিরল সম্মানকে স্মরণীয় করে রাখতে তৎকালীন সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের প্রকল্প গ্রহণ করে।
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানান, ইনস্টিটিউটের প্রথম পর্বের তিনতলা ভবনের কাজ ডিসেম্বরে শেষ হবে। প্রথম পর্বের কাজ শেষ হওয়ার পরপরই দ্বিতীয় পর্বের কাজ শুরু করা হবে।
তিনি বলেন, "ভবনের কাজ চলাকালীন ইনস্টিটিউটে কী কী কাজ হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
উপদেষ্টা জানান, ১২ তলা বিশিষ্ট ভবনের পাঁচতলা পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ হবে। অন্যান্য তলাগুলোতেও গ্যালারি, কর্মশালা কক্ষ ইত্যাদির ব্যবস্থা রাখা হবে।
কাজ পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক শিরিন আক্তার।
২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিস্থাপন করেন।
১৯ কোটি ৪৯ লাখ টাকার এ প্রকল্পের কাজ ২০০২ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও তা হয়নি। ২০০৩ সালের ১ অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।
২০০৬ সালের ৮ নভেম্বর শিক্ষা সচিব মমতাজুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালক (স্টিয়ারিং) কমিটির সভায় পুনরায় প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বাড়িয়ে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়।
পরিকল্পনা কমিশনসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্ত নিয়ে প্রকল্পের নতুন নির্মাণ ব্যয় ধরা হয় ২১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এমআই/এমএ/১৪০১ঘ.
bdnews24