২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে জাহাজ নির্মাণ কাজ সোমবার শুরু

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন ডেনমার্কে রপ্তানির জন্য দুটি জাহাজের নির্মাণ কাজ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। পাঁচটি সমুদ্রগামী জাহাজ রপ্তানির ব্যাপারে ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে ওয়েস্টার্ন মেরিনের চুক্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন ডেনমার্কে রপ্তানির জন্য দুটি জাহাজের নির্মাণ কাজ সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। পাঁচটি সমুদ্রগামী জাহাজ রপ্তানির ব্যাপারে ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে ওয়েস্টার্ন মেরিনের চুক্তি হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ জানায়, সর্বোচ্চ ৪ হাজার ১শ টন কার্গো পরিবহনে সক্ষম এসব জাহাজের প্রত্যেকটি তৈরি করতে খরচ হবে সাড়ে ৩২ লাখ (৩ দশমিক ২৫ মিলিয়ন) ডলার। ওয়েস্টার্ন মেরিন ইতোমধ্যে ১৮টি সমুদ্রগামী জাহাজ তৈরির কার্যাদেশ পেয়েছে। এর মধ্যে ডেনমার্কের ৫টি, হল্যান্ডের ১২ এবং সিঙ্গাপুরের জন্য একটি। দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ওয়েস্টার্ন মেরিন এর চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসাইন, কোয়ালিটি কন্ট্রোল ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জালাল খালেদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার পটিয়ায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডে সোমবার আনুষ্ঠানিকভাবে দুটি জাহাজের নির্মাণ কাজ শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (এফবিসিসিআই) প্রশাসক সৈয়দ মনজুর এলাহী। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ জেনসেন এবং ডেনমার্কের স্টেলা শিপিং এর চেয়ারম্যান জন ফেব্রিসিয়াস। সাইফুল ইসলাম বলেন, দেশে জাহাজ নির্মাণ শিল্পের বিরাট সম্ভাবনা রয়েছে। ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এক একর থেকে বাড়িয়ে শিপইয়ার্ডের আয়তন দশ একর করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৮টি জাহাজ রপ্তানি করে ১৮০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১০৮ ঘ.